সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: নতুন শিক্ষাবর্ষ থেকে ময়নাগুড়ি সারদা শিশুতীর্থে শুরু হতে চলেছে অষ্টম শ্রেণিতে পঠনপাঠন। শুক্রবার একথা জানান স্কুলের প্রধান আচার্য অভিজিৎ বিশ্বাস। ২০০৪ সালে ময়নাগুড়ি সারদা শিশুতীর্থ স্থাপিত হয়। জলপাইগুড়ি জেলাজুড়ে ইতিমধ্যেই আলাদা নাম করে নিয়েছে এই স্কুল। প্রত্যেক পড়ুয়া যাতে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে তারজন্য স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের গড়ে তুলছেন।
স্কুল সূত্রে জানা গিয়েছে, পাঠ্যক্রমে পড়ানো হয় রামায়ণ, মহাভারত, গীতা, সংস্কৃত। এছাড়াও রয়েছে কম্পিউটার। ইংরেজি বিষয়ে বিশেষ যত্ন নেওয়া হয়। খেলাধুলোর জন্য রয়েছে পর্যাপ্ত জায়গা এবং ওপেন জিম। স্কুলে প্রথম শ্রেণি থেকেই ছাত্রছাত্রীদের স্পোকেন ইংলিশ শেখানো হয়। অরুণ ও প্রভাত এই দুই ক্লাসের পড়ুয়াদের জন্য রয়েছে শিশু বাটিকা পদ্ধতি। আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পঠনপাঠন শুরু হতে যাচ্ছে।
সারদা শিশুতীর্থের পড়ুয়াদের ছোটো থেকেই দেশের প্রতি ভালোবাসার শিক্ষা দেওয়া হয়। বিভিন্ন ধরনের গান, ছড়ার মাধ্যমে বেদের শ্লোক পাঠ করানো হয়। এখানে ভারতীয় সংস্কৃতি যেমন শেখানো হয়, তেমনই পাশ্চাত্যের বিষয়গুলি সম্পর্কেও ধারণা দেওয়া হয়।
ময়নাগুড়ি শহরের লালবাবা শিবমন্দির চত্বরে অবস্থিত এই স্কুলে শিক্ষক, শিক্ষিকা রয়েছেন ৩২জন। শিক্ষক, শিক্ষিকাদের আচার্য ও আচার্যা বলে সম্বোধন করা হয়। এছাড়াও অন্যান্য বিভাগে কর্মী রয়েছেন আটজন।
প্রধান আচার্য অর্থাৎ প্রধান শিক্ষক অভিজিৎ বিশ্বাস বলেন, গোটা স্কুল সিসি ক্যামেরায় মোড়া রয়েছে। প্রতিটি শ্রেণিকক্ষ ডিজিটাল ক্লাসরুম। আমরা অত্যন্ত খুশি যে নতুন শিক্ষাবর্ষ থেকে এখানে অষ্টম শ্রেণি খুলে যাচ্ছে। আমরা প্রত্যেক ছাত্রছাত্রীর পড়াশোনার দিকে বিশেষ নজর দিই। পাশাপাশি স্বাবলম্বী হওয়ার ব্যাপারে তাদের পাঠ দিয়ে থাকি। বর্তমানে স্কুলে ছাত্রছাত্রী ৬০০ জন। নিজস্ব চিত্র



