সংবাদদাতা, কাঁথি: এগরার জেড়থান গ্রাম পঞ্চায়েতের আলংগিরি সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে তৃণমূলের জয়জয়কার। ১২টি আসনের সবকটিতেই জয়ী হল তৃণমূল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দু’টি এবং বাকি ১০টি আসনে তৃণমূল প্রার্থীরা নির্বাচনে জয়ী হন। বৃহস্পতিবারের নির্বাচনে বিজেপি খাতাই খুলতে পারেনি। এদিন সকালে কড়া পুলিসি নিরাপত্তায় ভোটগ্রহণ শুরু হয়। ভোটার ছিলেন ৩৯৩জন। তার মধ্যে ভোট পড়ে ৩৮৩টি। এই জয়ের মধ্যে দিয়ে সমিতির পরিচালন ক্ষমতা ফের দখল করল তৃণমূল। জয়ের পর আবির খেলা ও মিষ্টিমুখে মেতে ওঠেন তৃণমূল কর্মীরা। জেড়থান অঞ্চল তৃণমূল সভাপতি শান্তনু মাইতি বলেন, এই জয়ে প্রমাণিত মানুষ তৃণমূলের সঙ্গেই আছে। বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা সম্পাদক তন্ময় হাজরা বলেন, তৃণমূলের ক্ষমতা দখলের কায়দা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তবে পরাজয়ের কারণ আমরা দলীয়স্তরে খতিয়ে দেখব। তাছাড়া দু’-একটা সমবায় সমিতিতে পরাজয়ে বিজেপিতে কোনও প্রভাব পড়বে না।



