Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এগরার পাঁচরোল পঞ্চায়েতে বিরোধী শিবিরে ভাঙন, তৃণমূলে যোগ কংগ্রেস সদস্যার

এগরার পাঁচরোল পঞ্চায়েতে বিরোধী শিবিরে ভাঙন, তৃণমূলে যোগ কংগ্রেস সদস্যার
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: এগরার তৃণমূল পরিচালিত পাঁচরোল গ্রাম পঞ্চায়েতে শাসকদলের শক্তি ক্রমশ বাড়ছে। রবিবার পঞ্চায়েতের কংগ্রেস সদস্যা শাহানা বিবি তৃণমূলে যোগ দেন। এদিন পাঁচরোলের কসবাগোলা এলাকায় তৃণমূলের এক সভায় কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত সদস্যা শাহানা দলবদল করে তৃণমূলে যোগ দেন। তাঁর সঙ্গে ৪০টি পরিবারের শতাধিক কংগ্রেস কর্মী-সমর্থক যোগ দেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন এগরার তৃণমূল বিধায়ক তরুণকুমার মাইতি। সঙ্গে ছিলেন ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক অশোক দাস, মহিলা নেত্রী মানসী দে প্রমুখ। 
Advertisement
শাহানা সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা বলেন, মানুষের কাজ করার জন্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলাম। যেটা কংগ্রেসে থেকে কোনওভাবে হচ্ছিল না। বিধায়ক তরুণবাবু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে শরিক হতে উনি দলে যোগদান করলেন। জেলা কংগ্রেসের সভাপতি মানস কর মহাপাত্র বলেন, তৃণমূল ভুল বুঝিয়ে এবং প্রলোভন দিয়ে যোগদান করার ব্যাপারে সিদ্ধহস্ত। তবে এই দলবদলে কংগ্রেসের কোনও ক্ষতি হবে না। 
উল্লেখ্য, পাঁচরোল পঞ্চায়েতে আসন সংখ্যা ২১টি। শনিবারও পাঁচরোলের ধুসুরদা এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্য রাজারাম মণ্ডল ও স্থানীয় বুথ সভাপতি পঞ্চানন বেরা তৃণমূলে যোগ দিয়েছিলেন। দু’দিন দু’জন বিরোধী সদস্য যোগদান করায় পাঁচরোল পঞ্চায়েতে তৃণমূলের শক্তিবৃদ্ধি হল। এই মূহূর্তে আসন সংখ্যা বেড়ে ১৪থেকে ১৬ হল। বর্তমানে এই পঞ্চায়েতে চারটি আসন বিজেপির দখলে এবং একটি নির্দলের দখলে রয়েছে। তৃণমূল নেতা অশোক দাস বলছেন, আগামী দিনে পাঁচরোল পঞ্চায়েত বিরোধীশূন্য হবে। সবক’টি আসনই তৃণমূলের দখলে আসবে। সেই লক্ষ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।
সম্পর্কিত সংবাদ