Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এগরায় যুবককে পিটিয়ে খুনে ওড়িশা থেকে ধৃত অভিযুক্ত

এগরায় যুবককে পিটিয়ে খুনে ওড়িশা থেকে ধৃত অভিযুক্ত
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: এগরায় মাত্র তিন হাজার টাকার জন্য রবি সিং(৩৫) নামে এক আদিবাসী যুবককে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হয়েছিল। ২ জানুয়ারি শহরের দীঘা মোড়ে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। সেই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল এগরা থানার পুলিস। ধৃত রাজা হাঁসদার বাড়ি ওড়িশার ময়ুরভঞ্জ জেলার শুলিয়াপাদা থানার বালিশুলিয়া গ্রামে। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিসের দাবি, সে অপরাধের কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
২৩বছর বয়সি রাজা এগরায় রাস্তা তৈরি ও দিনমজুরির কাজ করে। সে স্ত্রীকে নিয়ে এগরা শহরে ভাড়া থাকত। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা রবি দীঘা মোড় লাগোয়া কসবা­-এগরা এলাকায় একটি বস্তিতে বসবাস করত। ওই বস্তিতে আরও কয়েকজন মহিলা-পুরুষ বসবাস করেন। তাঁরা এগরা সহ বিভিন্ন এলাকায় রাস্তা তৈরির কাজে যুক্ত। ওই বস্তিতে রাজার যাতায়াত ছিল। ১ জানুয়ারি কসবা-এগরা এলাকায় একটি ক্লাবের উদ্যোগে পিকনিক হয়েছিল। ক্লাবের তরফে পিকনিকের খাবার ওই বস্তিবাসীদের দেওয়া হয়। ওইদিন রাজা সেখানে গিয়েছিল। তাকেও খাবার দেওয়া হয়। খাওয়াদাওয়া শেষে ওই এলাকায় মদের আসর বসে। অভিযোগ, সেখানে নেশাগ্রস্ত অবস্থায় রাজার পকেটে থাকা তিনহাজার টাকা ছিনিয়ে নেয় রবি। এনিয়ে দু’জনের বচসা ও হাতাহাতি শুরু হয়। নেশাগ্রস্ত অবস্থায় উত্তেজিত হয়ে রাজা পাশে পড়ে থাকা বাঁশ দিয়ে রবিকে পেটাতে থাকে। প্রচণ্ড আঘাতে একসময় রবির মৃত্যু হয়। রাজা তার পকেট থেকে নিজের টাকা উদ্ধার করে পালিয়ে যায়। পরদিন সকালে রবির দেহ উদ্ধার হয়। এলাকার এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্তে নামে। আইসি অরুণকুমার খান বলেন, রাজার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা, তা আমরা জানার চেষ্টা করছি।
সম্পর্কিত সংবাদ