Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এগরায় সমবায় ভোটে তৃণমূল ও বিজেপি হাতাহাতি, জয়ী শাসকদল  

এগরায় সমবায় ভোটে তৃণমূল ও বিজেপি হাতাহাতি, জয়ী শাসকদল
 
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: এগরা-১ ব্লকের সাহাড়া পঞ্চায়েতের তেলামি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ঘিরে সোমবার তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতিতে উত্তেজনা ছড়াল। নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল। এদিন সমিতির ন’টি আসনে নির্বাচন হয়। তৃণমূলের দখলে আসে ছ’টি আসন। বিজেপি পায় তিনটি আসন। নির্বাচন ঘিরে গত কয়েকদিন ধরে এলাকায় তৃণমূল ও বিজেপির নেতা-কর্মীদের মধ্যে টানটান উত্তেজনা ছিল। নির্বাচন উপলক্ষ্যে সকাল থেকে এগরা থানার পুলিসের তরফে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। জয়ের পর আবির মাখিয়ে আনন্দে মেতে ওঠেন দলের নেতা-কর্মীরা। দীর্ঘদিন পর সমিতির নির্বাচন হল। এতদিন মিলিজুলি বোর্ড সমিতি পরিচালনা করত। তাছাড়া সাহাড়া পঞ্চায়েতটি বিজেপির দখলে রয়েছে। সেখানে এই জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে নির্বাচন শেষে দু’পক্ষের জমায়েত থেকে কটূক্তি ঘিরে হাতাহাতি ও মারপিটের জেরে উত্তেজনা ছড়ায়। পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Advertisement
এলাকার তৃণমূল নেতা, প্রাক্তন উপপ্রধান মিলন দে বলেন, বিজেপির পরাজিত প্রার্থী সহ দলের লোকজন আমাদের নির্বাচনী কমিটির আহ্বায়ক স্বপন সিংয়ের উপর চড়াও হয়ে মারধর করে। আমরা একজোট হলে ওরা পালায়। তবে অনেক কায়দা করেও এই সমিতির ক্ষমতা দখল করতে পারল না বিজেপি। মানুষের তৃণমূলের উপর পূর্ণ আস্থা ও ভরসা রয়েছে, তা এই জয় প্রমাণ করে। বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা সম্পাদক তন্ময় হাজরা বলেন, জয়ের আনন্দে মশগুল হয়ে শাসকদলের লোকজন আমাদের দলের লোকজনকে কটূক্তি ও মারধর করে। আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাই। আমরা যথেষ্ট লড়াই দিয়েছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ