Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এগরায় স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় পানবরজ মালিকের বিরুদ্ধে অভিযোগ

এগরায় স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় পানবরজ মালিকের বিরুদ্ধে অভিযোগ
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: এগরার বেনাচাকড়ি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যুর ঘটনার শনিবার পানের বরজ মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। স্থানীয় বাসিন্দারা পুলিসকে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন। মৃতের নাম সন্তোষ দাস(১৭)। সে স্থানীয় একটি হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র ছিল। সন্তোষের এই অকাল মৃত্যু কোনওমতেই মেনে নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। 
Advertisement
উল্লেখ্য, পানের বরজে চুরি এবং হনুমানের হানা ঠেকাতে বেড়ায় বিদ্যুতের তার জড়ানো ছিল। শুক্রবার সন্তোষদের বাদাম চাষের জমিতে একদল হনুমান হানা দিয়েছিল। জমি থেকে হনুমান তাড়াতে গিয়ে অজান্তে পানের বরজের দিকে চলে যায় সন্তোষ। বিদ্যুতের তারের সংস্পর্শে আসতেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকার বাসিন্দাদের ক্ষোভ গিয়ে পড়ে বরজ মালিকের উপর। কেন তিনি পানের বরজে বিদ্যুতের তার লাগালেন, সেব্যাপারে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। বিদ্যুৎ সংযোগ বৈধ কি না, সেই প্রশ্নও অনেকে তুলেছেন। খবর পেয়ে দপ্তরের লোকজন ওই বরজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিস। রবিবার পুলিস এলাকায় যায়। তবে কাউকে পায়নি। এগরা থানার আইসি অরুণকুমার খান বলেন, ঘটনার তদন্ত চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ