Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এগরায় অভিযান, আটক ডিজে বক্স সেট, গ্রেপ্তার ২ অপারেটর

এগরায় অভিযান, আটক ডিজে বক্স সেট, গ্রেপ্তার ২ অপারেটর
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: কাঁথির পর এগরা থানার পুলিসও ডিজে’র বিরুদ্ধে জোরদার অভিযানে নেমেছে। মঙ্গলবার এগরার দুবদা গ্রাম পঞ্চায়েতের খাগদা এলাকায় পুলিস অভিযান চালায়। সেখান থেকে একটি সংস্থার ডিজে বক্স সেট বাজেয়াপ্ত করার পাশাপাশি দুই অপারেটরকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতরা হল চণ্ডীপুর থানার পাটনা গ্রামের শুভদীপ বর্মন ও পটাশপুর থানার আড়গোয়ালের সোমনাথ বারিক। বুধবার তাদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীপুজো উপলক্ষ্যে সোমবার রাতে খাগদা এলাকায় চারটি পুজো কমিটির ডিজের শোভাযাত্রা সহ প্রতিযোগিতা চলে। ডিজের শব্দদানবের তাণ্ডবে এলাকার মানুষ অতিষ্ট হয়ে ওঠেন। তাঁরা থানায় বিষয়টি জানান। খবর পেয়ে এলাকায় যায় পুলিসবাহিনী। তবে পুলিস অশান্তির আশঙ্কা করে রাতে কোনও পদক্ষেপ করেনি। যদিও এর মধ্যেই মঙ্গলবার সকাল হওয়ার আগে তিনটি সংস্থা ডিজে সেট নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিস বেলার দিকে বাকি একটি ডিজে সেট গাড়িতে নিয়ে যাওয়ার মুহূর্তে আটক করে। ভ্যানরিকশ সহ ডিজে’র সেটটি বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি দু’জনকে আটক করা হয়। তাতে ২২টি সাউন্ডবক্স সহ অন্যান্য সরঞ্জাম ছিল। থানার আইসি অরুণকুমার খান বলেন, পুলিসের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে দু’জনকে গ্রেপ্তার করা হয়। ডিজে’র তাণ্ডবের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে। অন্যদিকে, মারিশদা থানার পুলিস অভিযান চালিয়ে বেশ কয়েকটি ডিজে আটক করেছে। জানা গিয়েছে, রবিবার রাতে মারিশদার কুমীরদা ও গোপালপুর এলাকায় ডিজে বাজানোর প্রতিযোগিতা চলে। খবর পেয়ে এলাকায় যায় পুলিস। সেখানে পুলিসকে হেনস্তা করা হয় বলে অভিযোগ। তবে বিসর্জন শেষে ফেরার পথে কালীনগর এলাকায় তিনটি সংস্থার ডিজে সাউন্ডবক্স আটক করে পুলিস।  
সম্পর্কিত সংবাদ