সংবাদদাতা, কাঁথি: এগরা থানার কুদির রাসন এলাকায় নাবালিকা অপহরণের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম শুভজিৎ সেনাপতি। বাড়ি রাসন এলাকায়। অপহরণের সহযোগিতা করার অভিযোগে আগেই পুলিস শুভজিতের মা কল্পনা সেনাপতি ও দিদা পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের পুরুষোত্তমপুরের বাসিন্দা ঊষারানি দাসকে গ্রেপ্তার করেছিল। তাদের জেরা করে পুলিস পলাতক শুভজিতের সন্ধান পায়। সে নাবালিকাকে নিয়ে দিল্লি যাওয়ার পরিকল্পনা করেছিল। বৃহস্পতিবার ওড়িশা এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার এবং নাবালিকাকে উদ্ধার করে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ২৫নভেম্বর শুভজিৎ এলাকারই এক বছর পনেরোর নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অপহরণ করে। তারপর তাকে মামাবাড়িতে লুকিয়ে রাখে। এরপর নাবালিকাকে ওড়িশা এক আত্মীয়বাড়িতে নিয়ে যায় অভিযুক্ত। এদিকে থানায় অভিযোগ দায়ের হওয়ার পর পুলিস তদন্তে নামে। যদিও নাবালিকা উদ্ধার না হওয়ায় তার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা থানায় বিক্ষোভ দেখিয়েছিলেন। পুলিস প্রাথমিকভাবে জানতে পারে, শুভজিৎ আগেও একটি বিয়ে করেছে। তার স্ত্রীও রয়েছে। অভিযোগ, শুভজিতের আর একবার বিয়ে দিয়ে প্রথমপক্ষের স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার মতলব ছিল। মা ও দিদার ইন্ধনে শুভজিৎ ওই নাবালিকাকে ফুসলিয়ে অপহরণ করে বলে পুলিস জানতে পেরেছে।



