সংবাদদাতা, কাঁথি: মাটি কেটে পাচারের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করল এগরা থানার পুলিস। এগরার দেশবন্ধু এলাকার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস এই ঘটনায় মাটি ভর্তি দু’টি জেসিবি বাজেয়াপ্ত করেছে। পুলিস জানিয়েছে, ধৃতরা হল স্থানীয় রাজেন্দ্রচকের শিবু দাস, উত্তর পন্থাইর রামরতন বর, পটাশপুরের অনিরুদ্ধ দাস ও পূর্ব বর্ধমানের মেমারির বেনাপুর গ্রামের সুরজিৎ সরকার। এর মধ্যে সুরজিৎ জেসিবির চালক। রবিবার ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে দেশবন্ধু এলাকায় ধানজমির মাঠ থেকে মাটি কেটে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা ব্লক প্রশাসন ও ভূমিদপ্তরের কাছে অভিযোগ জানান। ঘটনাটি জানার পরই শনিবার ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তরফে থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে পুলিস বিকেলে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে। ধৃতদের জেরা করা হয়েছে। মাটি কেটে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এর পিছনে আরও কারা যুক্ত, তা জানার চেষ্টা করছে পুলিস।



