সংবাদদাতা, কাঁথি: এগরা, পটাশপুর এলাকায় জমিতে নাড়া পোড়ানোর ঘটনা বেড়ে যাওয়ায় সচেতনতায় নেমেছে কৃষিদপ্তর। শুধু তাই নয়, কাঁথির দেশপ্রাণ ব্লক সহ বিভিন্ন জায়গায় নাড়া পোড়ানোর ছবি সামনে এসেছে। এগরা মহকুমার পানিপারুল থেকে আলংগিরি, কুদি, পটাশপুরের খাড়, প্রতাপদিঘি, চন্দনপুর, শ্রীরামপুর সহ বিভিন্ন এলাকায় বিঘার পর বিঘা জমিতে নাড়া পোড়ানো চলছেই। এই সমস্ত এলাকায় আমন ধান কেটে নেওয়ার পর সেই জমিতে চিনাবাদামের চাষ করা হয়। তাই চিনাবাদাম চাষের জন্য মাটি তৈরির কাজ শুরু হয়েছে। আর জমি পরিষ্কার করতে নাড়া পোড়ানো শুরু হয়েছে। চাষিদের যুক্তি, নাড়া পোড়ালে সহজে জমি পরিষ্কার হয়ে যায়।
Advertisement
যদিও কৃষি বিশেষজ্ঞরা বলছেন, আগুন লাগানোর কারণে মাঠে থাকা উপকারী ব্যাকটেরিয়া ও অনুজীব নষ্ট হয়ে যাচ্ছে। মাটির অম্লত্ব বৃদ্ধি পাচ্ছে এবং জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে। আগুনে উৎপন্ন কার্বন মনোক্সাইড ও কার্বন ডাই অক্সাইড ছড়িয়ে পড়ছে, যা মানবদেহে শরীরের পক্ষেও ক্ষতিকারক। নাড়া পোড়ানোর ফলে সন্ধ্যা নামলেই ধোঁয়ায় ঢেকে যাচ্ছে রাস্তাঘাট। জেলা কৃষি অধিকর্তা(প্রশাসন) তীর্থঙ্কর মণ্ডল বলেন, নাড়া পোড়ানোর বন্ধ করতে ব্লকে ব্লকে সচেতনতা প্রচার চলছে। লিফলেট দেওয়া হচ্ছে। কোথাও নাড়া পোড়ানো হচ্ছে কি না, সেব্যাপারে আমরা খোঁজ নিচ্ছি। অভিযোগ হলে আমরা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেব।



