সংবাদদাতা, কাঁথি: এগরা থানার পাঁচরোল এলাকায় এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতার নাম রূপরেখা পাত্র(১৪)। বুধবার ইংরেজি নববর্ষের প্রথম দিনে তাকে বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নতুন বছরে বাড়িতে পিকনিকের আয়োজন করা হয়। দুপুরে খাওয়াদাওয়ার সময় ভাইয়ের পাতে বেশি মাংস দেওয়া নিয়ে তার সঙ্গে তর্কাতর্কি হয় রূপরেখার। এনিয়ে বাবা চন্দন পাত্র রূপরেখাকে বকাবকি করেন। খাবারের থালা ছেড়ে উঠে যায় সে। তারপর বিকেলের দিকে বাড়ির সিলিং ফ্যানে ওড়নার ফাঁসে রূপরেখার ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, বাবা ও ভাইয়ের উপর অভিমান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই কিশোরী। কিশোরীর বাবা বলেন, মেয়ে এই কাণ্ড করে বসবে ভাবতে পারিনি। পুলিস অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।



