Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এগরায় ইটভাটায় ঢুকে শ্রমিকদের মারধর

এগরায় ইটভাটায় ঢুকে শ্রমিকদের মারধর
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: ইটভাটায় আক্রমণ চালিয়ে শ্রমিকদের মারধর করল কিছু দুষ্কৃতী। এগরার বাথুয়াড়ি পঞ্চায়েতের নুরভুঁইয়াচকে এই অভিযোগ ঘিরে প্রবল উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার পর থেকে আতঙ্কিত ইটভাটার মালিক ও শ্রমিকরা। ইটভাটার মালিকের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইটভাটা মালিক অরুণকুমার মাইতির অভিযোগ, বুধবার সংলগ্ন পটাশপুর থানার সাতশতমাল এলাকার এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজন দুষ্কৃতী অতর্কিতে তাঁর ইটভাটায় হামলা চালায়। কর্মরত শ্রমিকদের মারধর করা হয়। ভাতের হাঁড়ি উল্টে দেওয়া হয়। তারপর ইটভাটার মালিক ও শ্রমিক সহ সবাইকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। শ্রমিকদের কাজ ছেড়ে চলে যেতে বলা হয়। ঘটনার পরই ইটভাটার মালিক পুলিসের দ্বারস্থ হন। ওই ব্যক্তি সহ বেশ কয়েকজনের নামে থানায় অভিযোগ দায়ের করে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানান। তাঁর অভিযোগ, মারধর ও হুমকির পর ভয়ে শ্রমিকরা ইটভাটায় কাজ করতে চাইছেন না। বেশ কিছু শ্রমিক ইতিমধ্যেই কাজ ছেড়ে পালিয়ে গিয়েছেন।
Advertisement
সূত্রের খবর, বাথুয়াড়ি এলাকায় ইন্ডিয়ান অয়েলের একটি পেট্রল পাম্প তৈরি ঘিরে ঝামেলার জেরে ইটভাটায় দলবল নিয়ে হামলা চালিয়েছে। এবিষয়ে বাথুয়াড়ি পঞ্চায়েতের উপপ্রধান সুজিত শী বলেন, বিষয়টি আমার কানে এসেছে। দু’পক্ষের সমস্যা আলোচনায় বসে মিটিয়ে ফেলা হবে। এভাবে ইটভাটায় হামলা চালানো, শ্রমিকদের মারধর কিংবা জিনিসপত্রের ক্ষতি করা একেবারেই ঠিক কাজ নয়। এগরা থানার এক আধিকারিক বলেন, ওই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ