সংবাদদাতা, কাঁথি: মঙ্গলবার এগরা পুরসভার এক প্রাক্তন ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি চালাল রাজ্যের দুর্নীতিদমন শাখা। এদিন দুপুর থেকে সন্ধ্যা অবধি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে কসবা-এগরা এলাকায় তাঁর বাড়িতে তল্লাশি চলে।
Advertisement
সূত্রের খবর, ওই ইঞ্জিনিয়ার এগরা পুরসভায় কর্মরত থাকাকালীন তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। এরপর তাঁকে ধূপগুড়ি পুরসভায় বদলি করে দেওয়া হয়েছিল। আগামী বছর ফেব্রুয়ারি মাসে তিনি অবসর নেবেন। এদিন ওই ইঞ্জিনিয়ারের বাড়িতে দুর্নীতিদমন শাখা তল্লাশিতে আসে। পুরসভার চেয়ারম্যান স্বপনকুমার নায়ক বলেন, শুনেছি, দুর্নীতিদমন শাখা শহরে তল্লাশিতে এসেছে। তবে এব্যাপারে বিশদে কিছু জানি না।



