Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এগরায় বিজেপির সদস্যপদ নিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য, চাপানউতোর

এগরায় বিজেপির সদস্যপদ নিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য, চাপানউতোর
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্য বিজেপির সদস্যপদ গ্রহণ করেছেন, এই দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হল এগরা-১ ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায়। তৃণমূলের অভিযোগ, নথি জাল করে ওই সদস্যের ছবি এডিট করে মিথ্যা প্রচার করা হচ্ছে। যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।  প্রসঙ্গত, কয়েকদিন আগে ঋষি বঙ্কিমচন্দ্র পঞ্চায়েতের পশ্চিম বরদা এলাকার তৃণমূলের প্রতীকে জেতা সদস্য গোপাল বেরার একটি ছবি ভাইরাল হয়। সুজিত মিশ্র নামে এক বিজেপি কর্মীর ফেসবুক প্রোফাইলে আপলোড করা ছবিতে দেখা যায়, তাতে গোপালবাবু ছবি ও মেম্বারশিপ নম্বর দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, ‘পশ্চিম বরদার সদস্য গোপাল বেরাকে ভারতীয় জনতা পার্টির সদস্যতা গ্রহণের জন্য ধন্যবাদ জানাই’। ছবিটি ভাইরাল হওয়ায় এলাকায় শুরু হয় রাজনৈতিক বিতর্ক। ঘটনা সম্পর্কে সোমবার বিকেলে এগরার কুদিতে গোপালবাবুকে সঙ্গে নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেও এগরা-১ ব্লক তৃণমূল কংগ্রেস। সেখানে তৃণমূলের জেলা পরিষদ সদস্য শান্তনু নায়ক, সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সত্য চক্রবর্তী প্রমুখ বলেন, প্রবীণ ওই তৃণমূল নেতার ভাবমূর্তি নষ্ট করার জন্যই এসব করেছে বিজেপির লোকজন। গোপালবাবু বলেন, আমার বিরুদ্ধে পুরোপুরি চক্রান্ত করা হয়েছে। আমি পুলিসকে প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানিয়েছি। শুধু তাই নয়, এই ঘটনায় সুজিত মিশ্র নামে ওই ব্যক্তির বিরুদ্ধে এগরা থানায় অভিযোগও জানান গোপালবাবু। বিজেপির যুব মোর্চার কাঁথি সাংগঠনিক জেলার ইনচার্জ অরূপ দাস বলেন, আমাদের মনে হয়, ওই তৃণমূল নেতা হয়তো গোপনে সদস্যপদ গ্রহণের জন্য আবেদন করেছেন। তৃণমূল মিথ্যা অভিযোগ তুলছে। আইসি অরুণকুমার খান বলেন, একটি অভিযোগ দায়ের করেছেন ওই সদস্য। তদন্ত শুরু হয়েছে। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ