Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এগরায় বিজেপি পরিচালিত পঞ্চায়েত এলাকায় সমবায় ভোটে জয়ী তৃণমূল  

এগরায় বিজেপি পরিচালিত পঞ্চায়েত এলাকায় সমবায় ভোটে জয়ী তৃণমূল
 
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: এগরা-১ ব্লকের বিজেপি পরিচালিত সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচনে জয়ী হল তৃণমূল কংগ্রেস। শুক্রবার সাহারার চকপান সমবায় সমিতির নির্বাচনে মোট ১২টি আসনের মধ্যে সাতটিতে জয়ী হয়েছে তৃণমূল। বিজেপি পেয়েছে পাঁচটি আসন। বিজেপি পরিচালিত পঞ্চায়েতে এই জয়ে স্বাভাবিকভাবেই উল্লসিত তৃণমূল শিবির। 
Advertisement
জানা গিয়েছে, সমবায়ে মোট ভোটার সংখ্যা ৭৭০জন। তার মধ্যে ভোট পড়ে ৬৮৯টি। নির্বাচনকে ঘিরে কড়া পুলিসি নিরাপত্তার বন্দোবস্ত ছিল। এদিন জয়ের পর তৃণমূল নেতা-কর্মীরা বিজয়োল্লাসে মেতে ওঠেন। আবির খেলা হয়। এগরার বিধায়ক তরুণকুমার মাইতি বলেন, বিজেপির হাতে পঞ্চায়েতের ক্ষমতা রয়েছে। তা সত্ত্বেও তারা সুবিধা করতে পারেনি। মানুষের তৃণমূলের উপর আস্থা ও ভরসা অটুট রয়েছে, তা আবারও একবার প্রমাণ হয়ে গেল। নতুন বোর্ড মানুষকে সুষ্ঠু পরিষেবা দেবে বলে আমরা আশাবাদী। বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা সম্পাদক তন্ময় হাজরা বলেন, তৃণমূল তো বরাবরই পেশিবল আর অর্থবলে ক্ষমতা দখলে সিদ্ধহস্ত। এবারও তার অন্যথা হয়নি। তবে বিজেপি নির্বাচনে যথেষ্ট লড়াই দিয়েছে। আমরা আশাবাদী, আগামী দিনে সমিতির পরিচালন ক্ষমতা নিশ্চয়ই বিজেপির দখলে আসবে।
সম্পর্কিত সংবাদ