নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম। শ্রীরামপুরে দলীয় সভায় যাচ্ছিলেন মমতাপন্থী তৃণমূলের বিধায়ক। সেখানে যাওয়ার পথেই উত্তরপাড়ায় তাঁর গাড়ি আটকে হামলার অভিযোগ। ভেঙে ফেলা হয় গাড়ির কাঁচ। ছোড়া হয় ডিম, পাথর। আহত হয়েছেন খোদ বিধায়কও। প্রাণে মারার চেষ্টা, দাবি কুণালের। এই ঘটনায় সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,‘আফ্রিকার কোনো দেশেও এই ঘটনা ঘটে না।’
এছাড়াও এদিন মমতার সরাসরি অভিযোগ তাঁকে নজরবন্দি করে রাখা হয়েছে। মমতা বলেন,‘আমাদের বাড়ি থেকে বের হতেই দিচ্ছে না।’ এই ঘটনার পরে কুণাল গাড়ি ঘুরিয়ে সোজা চলে যান ভবানী ভবনে। কুণালের দাবি, রাস্তা বন্ধ করে হামলা চালানো হয়। এছাড়াও তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাতে জনসভায় যেতে না পারে তাই এই হামলা।
শনিবার থেকে শুরু হচ্ছে নাম বদলের পরে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেলাসফর। মমতা বলেন, হাইকোর্টের নির্দেশে আমাদের কর্মসূচির আয়োজন করা হয়েছে। তবুও তৃণমূলের কর্মী সমর্থকদের যেতে দেওয়া হচ্ছে না। রাস্তা জ্যাম করে রাখারও অভিযোগ। জঙ্গল রাজ চলছে, তোপ কুণালের। বিধায়কের আরও অভিযোগ, রড নিয়ে একপ্রকার তাণ্ডব চালানো হয়েছে তাঁর গাড়ির উপর। ‘পুলিশ কোনো সহযোগিতা করছে না, পুলিশকে দেখতে পাওয়া যাচ্ছে না!’, তোপ মমতার। এরপরে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে তিনি সোজা পৌঁছে যান শ্রীরামপুরের জনসভায়। সেখান থেকেও একের পর পর তোপ দাগেন মমতা।