Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এড়গোদা নিত্যানন্দ বিদ্যায়তনে মনীষী, জমিদাতাদের মূর্তির উন্মোচন, উন্মাদনা  

এড়গোদা নিত্যানন্দ বিদ্যায়তনে মনীষী, জমিদাতাদের মূর্তির উন্মোচন, উন্মাদনা
 
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ঝাড়গ্রাম: বিনপুরের এড়গোদা নিত্যানন্দ বিদ্যায়তনে বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, প্রবেশদ্বার উদ্বোধন, মনীষী ও জমিদাতাদের আবক্ষ মূর্তি উন্মোচন হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ ও নিত্যানন্দ ট্রাস্ট কমিটির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানে এলাকাবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা ও নৃত্যগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এই স্কুলের ইতিহাস নিয়ে ‘নিত্যকালের নীলাকাশে নিত্যানন্দ বিদ্যায়তন’ নামে একটি পুস্তিকা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) শক্তিভূষণ গঙ্গোপাধ্যায়, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, বিডিও সুমন ঘোষ, জমিদাতা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নিত্যানন্দ ট্রাস্ট কমিটির সম্পাদক চন্দন মাহাত এই স্কুল প্রতিষ্ঠার জন্য তাঁর পূর্বপুরুষদের আত্মত্যাগ ও অবদানের কথা এদিন তুলে ধরেন।
Advertisement
১৯৪১ সালে শিক্ষার প্রসার ও  বাবা নিত্যানন্দ মাহাতর স্মৃতিরক্ষায় জমি দান করেছিলেন পাঁচ ভাই। ডমনচন্দ্র মাহাত, হরিচরণ মাহাত, রামচন্দ্র মাহাত, প্রমথনাথ মাহাত ও প্রবোধ মাহাত-এই পাঁচ ভাইয়ের দেওয়া জমিতে ১৯৪২ সালে এই স্কুল প্রতিষ্ঠা হয়েছিল।পরে স্কুলটি মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়েছে। 
১৯৫৪ সালে অনিলমোহন গুপ্তের হাত ধরে এখানে শান্তিনিকেতনের পরিবেশ তৈরি করা হয়। ১৯৭০সালে বিদ্যায়তনের প্রধান শিক্ষক হিসেবে কাজে যোগ দেন সুবীরেন্দ্র দাস। তিনি এই বিদ্যালয়ে আদর্শ স্কুলের পরিবেশ তৈরি করেন। সেজন্য ১৯৮২ সালে তিনি রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় পুরস্কার পান। 
গত বছরই তিনি প্রয়াত হয়েছেন। এদিন নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রাক্তন প্রধান শিক্ষক সুবীরেন্দ্র দাস ও জমিদাতা পাঁচ ভাইয়ের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। এছাড়া স্বাধীনতা সংগ্রামী অবিনাশ মাহাতরও আবক্ষ মূর্তির উন্মোচন হয়।
নিত্যানন্দ ট্রাস্ট কমিটির সম্পাদক তথা জমিদাতাদের উত্তরসূরী চন্দন মাহাত বলেন, আমি আমার পূর্বপুরুষদের আদর্শ ও স্বপ্নকে বাস্তবায়নে যদি সামান্য অংশ নিতে পারি, তবে নিজেকে ধন্য মনে করব। এই বিদ্যালয়ের রূপকার অনিলমোহন গুপ্তের চিন্তাভাবনা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সুবীরেন্দ্র দাসের আদর্শকে মাথায় রেখে আগামী দিনে স্কুলের সঙ্গে সর্বাত্মকভাবে যুক্ত থাকব। এই স্কুলকে আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।
এবিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) শক্তিভূষণ গঙ্গোপাধ্যায় বলেন, এড়গোদা নিত্যানন্দ বিদ্যায়তনের অনুষ্ঠানে গিয়ে খুবই ভালো লেগেছে। সেখানে তাঁদের একটি ট্রাস্ট আছে। তাঁরাই সব কিছু সহযোগিতা করছেন। এদিন বিভিন্ন মনীষী, স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ও জমিদাতাদের আবক্ষ মূর্তি উন্মোচন হয়েছে।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ