Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

১৫ জুনের মধ্যে মদনমোহনের নয়া রথের কাজ শেষ করতে তোড়জোড়

১৫ জুনের মধ্যে মদনমোহনের নয়া রথের কাজ শেষ করতে তোড়জোড়
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারে মদনমোহনের নতুন রথ তৈরির কাজ আগমী ১৫ জুনের মধ্যে শেষ করার তোড়জোড় চলছে। এখন গুঞ্জবাড়ি মন্দিরে রথ নির্মাণ করা হচ্ছে। রথ গুঞ্জবাড়িতে বানানো হলেও রথের চাকার কাজ করার মতো এখানে কোনও প্রশিক্ষিত মিস্ত্রি নেই। তাই রথের চাকা বানানোর জন্য প্রয়োজনীয় কাঠ পাঠানো হয়েছে তুফানগঞ্জে। সেখানেই দক্ষ কারিগররা রথের চাকাগুলি বানাচ্ছেন। সেখান থেকে চাকা বানানোর পর তা নিয়ে আসা হবে গুঞ্জবাড়ি মন্দিরে। এরপর সেই চাকা জুড়ে দেওয়া হবে মূল রথের সঙ্গে। তারপরই রথটি পূর্ণাঙ্গরূপ পাবে। 

Advertisement

আগামী ২৭ জুন রথযাত্রা। তার প্রস্তুতি চলছে কোচবিহার মদনমোহন বাড়িতে। উৎসবের এক সপ্তাহ আগেই মদনমোহনের পূর্বের রথটির আদলে হুবহু তৈরি নতুন ওই রথ নির্মাণের কাজ শেষ করে ফেলতে চাইছে দেবত্তোর ট্রাস্ট বোর্ড। রথের রংও হবে ঠিক আগের রথটির মতোই। রথ নির্মাণের জন্য পাঁচ লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে। রথযাত্রার জন্য আলাদা বাজেট তৈরি হচ্ছে। সব মিলিয়ে এবারে মদনমোহনের রথযাত্রা নতুন রথের কারণেই আলাদামাত্রা পেতে চলেছে। 
মদনমোহন মন্দিরের কর্মী জয়ন্ত চক্রবর্তী বলেন, রথ নির্মাণের কাজ দ্রুত গতিতেই চলছে। আশা করা হচ্ছে, আগামী ১৫ জুনের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে। রথের চাকা গুঞ্জবাড়িতে বানানো হচ্ছে না। চাকার জন্য কাঠ আমরা তুফানগঞ্জে পাঠিয়ে দিয়েছি। সেখানেই চাকাগুলি বানানো হচ্ছে। পাশাপাশি রথযাত্রার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। 
কোচবিহারে মদনমোহনের দ্বাদশ যাত্রার মধ্যে অন্যতম এই রথযাত্রা। রাজআমল থেকে মহাধুমধামের সঙ্গে রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রায় একশো বছর ধরে আগের রথটি মদনমোহনকে মাসির বাড়ি নিয়ে গিয়েছে। প্রতি বছরই রথযাত্রার আগে সেটি সংস্কার করা হতো। সম্প্রতি সিদ্ধান্ত হয় নতুন রথ নির্মাণ করা হবে। সেই সিদ্ধান্ত অনুসারে জলদাপাড়ার বিভিন্ন রেঞ্জ থেকে প্রয়োজনীয় শাল ও সেগুন কাঠ নিয়ে আসা হয়। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, রথ মদনমোহন মন্দিরের পাশে শ্রীশ্রীআনন্দময়ী ধর্মশালায় বানানো হবে। কিন্তু নির্মাণের পর সেখানকার গেট দিয়ে রথ বের করা যাবে না বলে গুঞ্জবাড়িতে রথ নির্মাণের কাজ চলছে।    নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ