উত্তর দিনাজপুর জেলায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে শীঘ্রই প্রধান শিক্ষক নিয়োগ করার প্রচেষ্টা শুরু
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: পঠনপাঠন ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনা করতে উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষক নিযুক্ত করার প্রচেষ্টা শুরু হচ্ছে। পুজোর মরশুম মিটলেই, এব্যাপারে আলাপ আলোচনা শুরু করতে চায় জেলার প্রাথমিক শিক্ষা সংসদ। যাতে করে প্রধান শিক্ষক বিহীন স্কুলগুলি সুষ্ঠুভাবে পরিচালিত হয়। 

Advertisement

জেলার প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, বেশ কয়েক বছর ধরেই সরকারিভাবে প্রাথমিক স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের ব্যাপারে প্রচেষ্টা শুরু হয়েছে। কিন্তু সেই প্রক্রিয়া সম্পূর্ণভাবে কার্যকর করা যায়নি। বিভিন্ন কারণে সেই প্রক্রিয়া ভেস্তে গিয়েছে। সূত্রে খবর, জেলার ১৪৬৬টি স্কুলের মধ্যে ৮৯৫টি স্কুলেই প্রধান শিক্ষক নেই। স্বাভাবিকভাবেই বেশিরভাগ ক্ষেত্রে টিআইসি বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের দিয়েই স্কুলগুলির কাজ সামাল দেওয়া হচ্ছে। 
এব্যাপারে উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি সুব্রত সরকার বলেন, স্কুল খুললেই প্রধান শিক্ষক নিয়োগের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হবে। নতুন ভাবে প্রধান শিক্ষক নিযুক্ত করার প্রক্রিয়া শুরু হবে।
এদিকে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, বেশ কয়েকবার অভিভাবকহীন স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের প্রচেষ্টা শুরু হলেও, তা সম্পূর্ণভাবে কার্যকর হয়নি। তার বেশ কয়েকটি কারণ শিক্ষকমহল থেকে উঠে আসছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, একজন সহকারী শিক্ষক স্থায়ীভাবে যদি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব সামাল দেন, সেক্ষেত্রে আর্থিকভাবে বাড়তি কোনো সুবিধা নেই বললেই চলে। ফলে অনেকেই কার্যক্ষেত্রে উৎসাহ হারাচ্ছেন। সেইসঙ্গে সহকারী শিক্ষকদের থেকে অনেকাংশে স্কুলের দায়িত্ব সামাল দিতে হয় একজন প্রধান শিক্ষককে। স্কুলের পঠনপাঠন থেকে শুরু করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বছরভর স্কুলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করতে হয়। ফলে অনেকেই স্বতঃপ্রণোদিতভাবে দায়িত্ব নেওয়ার জন্য এগিয়ে আসছেন না। ফলে একাংশ স্কুল অভিভাবকহীন হয়ে পড়েছে।