বাল্যবিবাহ ঠেকাতে তৎপরতা, ‘রূপশ্রী’ প্রাপকের বয়স যাচাইয়ে নবান্নের হাতিয়ার ‘কন্যারত্ন’-র তথ্য
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্রীতেশ বসু, কলকাতা: বাল্যবিবাহ রোখাই লক্ষ্য। তাই এবার ‘রূপশ্রী’ প্রকল্পের আবেদনকারীদের বয়স যাচাইয়ে ‘কন্যারত্ন’ প্রকল্পের তথ্যভাণ্ডার ব্যবহারের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ১৮ বছরের কম বয়সি কোনো মেয়ের হাতে যাতে রাজ্যের তরফে দেওয়া বিবাহকালীন আর্থিক সহায়তা না পৌঁছায়, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। প্রশাসনিক সূত্রে খবর, ‘রূপশ্রী’র আবেদনকারীদের তথ্য ‘কন্যারত্ন’-এর তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। 

Advertisement

রাজ্য সরকারের ‘রূপশ্রী’ প্রকল্পে বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। স্বাভাবিক নিয়মে এক্ষেত্রেও পাত্রীর বয়স অন্তত ১৮ বছর হওয়া বাধ্যতামূলক। অন্যদিকে, সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ের ছাত্রীদের অষ্টম শ্রেণি থেকে ‘কন্যারত্ন’ প্রকল্পে বার্ষিক আর্থিক সহায়তা দেওয়া হয়। তাছাড়া, দ্বাদশ শ্রেণির পড়াশোনা শেষ করে অবিবাহিত থেকে পড়াশোনা চালিয়ে গেলে এবং বয়স ১৮ বছর হলে এককালীন অনুদান ২৫ হাজার টাকা পাওয়া যায়। এই অনুদান বাড়িয়ে ৫০ হাজার টাকা করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে ‘কন্যারত্ন’-এর তথ্যভাণ্ডারের সঙ্গে ‘রূপশ্রী’র আবেদনকারীর তথ্য মেলালে প্রকৃত বয়স সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে বলে মনে করছে প্রশাসনিক মহল। মূলত যেসব আবেদনকারীর বয়স ১৮ থেকে ২০ বা ২১ বছরের মধ্যে থাকবে, তাঁদের ক্ষেত্রে এই তথ্য মিলিয়ে দেখার ব্যাপারে বিশেষ জোর দেওযার কথা বলা হয়েছে। তবে ‘কন্যারত্ন’ প্রকল্পের সুবিধা কখনও পায়নি, এমন ‘রূপশ্রী’ আবেদনকারীদের ক্ষেত্রেও বয়স সংক্রান্ত নথি যাচাইয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। 
নবান্ন সূত্রে খবর, সাম্প্রতিক একটি রিপোর্টে দেখা গিয়েছে, পূর্বতন সরকারের আমলে ‘কন্যাশ্রী’র (কন্যারত্নের আগের নাম) এককালীন ২৫ হাজার টাকা পাওয়ার আগেই ‘রূপশ্রী’র আর্থিক সহায়তা পেয়ে গিয়েছিলেন অনেকে। অর্থাৎ, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই হাতে গিয়েছিল বিয়ের সরকারি আর্থিক সহায়তা। ফলে এবার থেকে একই আবেদনকারী দুই প্রকল্পে আলাদা বয়স উল্লেখ করছেন কি না, তাও খতিয়ে দেখতে হবে জেলা প্রশাসনকে।
জাতীয় গড়ের তুলনায় পশ্চিমবঙ্গে বাল্যবিবাহের ঘটনা অনেকটাই বেশি। সম্প্রতি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাল্যবিবাহ ও নাবালিকা মাতৃত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই প্রেক্ষাপটে বাল্যবিবাহ প্রতিরোধে জেলাওয়াড়ি অ্যাকশন প্ল্যান তৈরি হয়েছে। নারী, শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তর সেটি খতিয়ে দেখে এই সমস্যার মোকাবিলায় বিস্তারিত কর্মসূচি গ্রহন করবে। আগামী ২৭ নভেম্বর রাজ্যে বাল্যবিবাহ প্রতিরোধ দিবস উপলক্ষ্যেও ব্যাপক  প্রচার ও সচেতনতা কর্মসূচি নেওয়া হচ্ছে বলে খবর।