সংবাদদাতা, ঘাটাল: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্তার প্রতিবাদে রাস্তায় নামল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। সংগঠনের ঘাটাল সাংগঠনিক জেলা শাখার পক্ষ থেকে ২৪টি সার্কেলের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে শুক্রবার বিকেলে প্রতিবাদ মিছিল করা হয়। কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ধাড়া। অভিজিৎবাবু বলেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও অন্যান্য অধ্যাপকদের উপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাম ও অতিবাম ছাত্রছাত্রীদের বর্বরোচিত এবং ন্যক্কারজনক আক্রমণের প্রতিবাদেই আমরা পথে নেমে ধিক্কার ও প্রতিবাদ জানাচ্ছি।
যদবপুরের ঘটনার পরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে নানা অভিযোগ তুলছে বিরোধী দল ও বিভিন্ন সংগঠন। তাঁকে হেনস্তার প্রতিবাদে সরব হল তৃণমূলের শিক্ষক সংগঠন। তাদের স্পষ্ট বার্তা, শিক্ষাক্ষেত্রে কোনওরকম অপমান বা হেনস্তা মেনে নেওয়া হবে না। এদিন ঘাটাল-মেচগ্রাম রাস্তার পাশে ঘাটাল শহরের কুশপাতার ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। প্রায় ৬০০জন শিক্ষক-শিক্ষিকা প্রতিবাদ মিছিলে অংশ নেন। ওই ঘটনার তীব্র নিন্দা করে স্লোগান দেন। মিছিলটি শহরের ঘড়ি মোড়ে শেষ হয়। ধিক্কার মিছিলে অভিজিৎবাবু ছাড়াও সংগঠনের ডিপিএসসির চেয়ারম্যান অনিমেষ দে, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি আশিস হুদাইত, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ কর, ঘাটালের প্রাক্তন বিধায়ক তথা জেলা পরিষদের সদস্য শঙ্কর দলুই সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। অভিজিৎবাবু বলেন, আমরা চাই শিক্ষার পরিবেশ সুন্দর ও সম্মানজনক থাকুক। শিক্ষকদের ও শিক্ষামন্ত্রীর মর্যাদাহানি মানে শিক্ষা ব্যবস্থার উপর আঘাত। তাই আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। -নিজস্ব চিত্র