নিজস্ব প্রতিনিধি, মালদহ: সরকারি প্রাইমারি স্কুলে পড়ুয়ার সংখ্যা তলানিতে। ছাত্রছাত্রীর অভাবে ইতিমধ্যে বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছে মালদহে। এছাড়াও কুড়িজনের কম পড়ুয়া, জেলায় এমন স্কুলের সংখ্যা বর্তমানে ৩৩টি। ক্রমেই সংখ্যাটা বেড়ে চলায় উদ্বিগ্ন শিক্ষাদপ্তর। এই পরিস্থিতিতে নতুন শিক্ষাবর্ষে সরকারি প্রাইমারি স্কুলে পড়ুয়ার সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে এখন থেকেই শিক্ষক শিক্ষিকাদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে গম্ভীরা, পুতুলনাচ কিংবা পথনাটকের মাধ্যমে সরকারি স্কুলে ছেলেমেয়েদের ভর্তির আবেদন জানানোরও উদ্যোগ নিয়েছে জেলা শিক্ষাদপ্তর। এরইমধ্যে মালদহে ৩৮২টি সরকারি প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক না থাকা এবং জেলায় ৬৯৭ জন শিক্ষকের পদ খালি থাকায় সংকট আরও বেড়েছে বলে শিক্ষাদপ্তর সূত্রে খবর।
জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মলয় মণ্ডল বলেন, সরকারি প্রাথমিক স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধিতে বিশেষ জোর দেওয়া হয়েছে। যে সমস্ত স্কুল একেবারে পড়ুয়াশূন্য হয়ে গিয়েছে কিংবা ছাত্রছাত্রীর সংখ্যা কুড়ির নীচে নেমে গিয়েছে, সেখানে সবচেয়ে বেশি নজর দিচ্ছি আমরা। শিক্ষকদের বলা হয়েছে, এখন থেকেই তাঁরা এলাকায় বাড়ি বাড়ি যাবেন। স্কুলে ভর্তির বয়স হয়েছে, এমন ছেলেমেয়েদের যাতে সরকারি স্কুলে ভর্তি করে পরিবার, সেজন্য অভিভাবকদের বোঝাবেন তাঁরা। এছাড়াও আমরা চলতি মাস থেকেই গম্ভীরা, পুতুলনাচ বা পথনাটকের মাধ্যমেও সরকারি স্কুলে পড়ুয়া ভর্তির আবেদন জানানোর কাজ শুরু করব।
জেলা শিক্ষাদপ্তর সূত্রে খবর, কুড়িজনের কম পড়ুয়া, মালদহে এমন স্কুলের সংখ্যা গাজোলে ১৪টি, ইংলিশবাজার ৭, বামনগোলায় ৬টি, মানিকচকে ৩টি, পুরাতন মালদহে একটি, হবিবপুরে একটি এবং রতুয়া-২ ব্লকে একটি। ইতিমধ্যেই জেলায় চারটি সরকারি প্রাইমারি স্কুল পড়ুয়ার অভাবে বন্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে খোদ ইংলিশবাজার শহরে রয়েছে পড়ুয়াশূন্য একটি স্কুল। বন্ধ হয়ে যাওয়া বাকি তিনটি স্কুলের মধ্যে মানিকচকে একটি এবং গাজোলে দুটি।
জেলা শিক্ষাদপ্তর সূত্রে খবর, ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেসরকারি স্কুলের দাপটে মালদহে সরকারি প্রাইমারি স্কুলে পড়ুয়ার সংখ্যা অনেকটাই কমেছে। একসময় জেলার ১৯৪২টি সরকারি প্রাইমারি স্কুলে পৌনে চার লক্ষ পড়ুয়া থাকলেও এখন তা কমে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৬৪ হাজার।
জেলা শিক্ষাদপ্তরের এক আধিকারিক বলেন, জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু। বেসরকারি স্কুলগুলি এখন থেকেই ভর্তির ফর্ম ছেড়েছে। পড়ুয়া টানতে নানাভাবে তারা প্রচার করছে। ফলে সরকারি প্রাথমিক স্কুলে পড়ুয়ার সংখ্যা বাড়াতে গেলে এখনই পালটা প্রচারে নামতে হবে। সেইসঙ্গে সরকারি স্কুলে নাম থাকা পড়ুয়াদের দিয়ে যাতে কোনো বেসরকারি স্কুল না চলে, সেব্যাপারে শিক্ষাদপ্তরকে কড়া পদক্ষেপ নিতে হবে।



