সংবাদদাতা, কান্দি: কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথেই ট্রাক থেকে হাপিশ হয়ে গিয়েছিল কয়েক লক্ষ টাকার ভোজ্য তেল। সেই ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার রাতে খড়গ্রাম থানায় পৌঁছল হুগলি পুলিসের একটি দল। সেখান থেকে গ্রেপ্তার করা হল গৌরাঙ্গ মণ্ডল ও পলাশ মণ্ডল নামের দুই ব্যবসায়ীকে। ধৃতদের বাড়ি খড়গ্রাম থানার জয়পুর গ্রামে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে ভোজ্য তেল নিয়ে একটি ট্রাক কলকাতা থেকে শিলিগুড়ির দিকে রওনা দিয়েছিল। কিন্তু রাস্তার মাঝপথেই ওই ট্রাকের তেল হাপিশ হয়ে গিয়েছিল বলে অভিযোগ করা হয় হুগলি পুলিসের কাছে। এরপর ঘটনার তদন্তে নেমে পুলিস প্রথমেই ট্রাকের চালককে গ্রেপ্তার করে। পুলিসের বিশেষ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় রাস্তায় তেল চুরি বা ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। বরং ট্রাকের চালকের চালাকিতেই কম দরে তেল বিক্রি করে দেওয়া হয়েছিল। এদিকে ঘটনার দিনেই হুগলি পুলিসের কাছে খবর পেয়ে খড়গ্রাম থানার পুলিস ওই খালি ট্রাকটি আটক করে ফরাক্কা হলদিয়া বাদশাহি সড়কের আলিনগর গ্রামের কাছে। তখন থেকেই খড়গ্রাম থানায় ট্রাকটি পড়ে রয়েছে। এরপর মঙ্গলবার রাতে হুগলি পুলিসের একটি দল খড়গ্রাম থানায় পৌঁছয় ধৃত ট্রাক চালককে সঙ্গে নিয়ে। পরে খড়গ্রাম থানার পুলিসের সহযোগিতায় হানা দেওয়া হয় স্থানীয় জয়পুর গ্রামে। সেখানে মুদির দোকানের ব্যবসায়ী পলাশ মণ্ডলকে ও তেল পাচারের সঙ্গে যুক্ত আরও এক ব্যবসায়ী গৌরাঙ্গ মণ্ডলকে আটক করা হয়। এরপর তাদের খড়গ্রাম থানায় নিয়ে গিয়ে দীর্ঘ জেরা করা হয়। তাদের কথায় অসঙ্গতি মেলায় সন্ধ্যার দিকে দু’জনকেই গ্রেপ্তার করা হয়। খড়গ্রাম থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন গৌরাঙ্গ মণ্ডল ট্রাকের চালকের সঙ্গে যোগসাজশ করে কম দরে তেল কিনে বিভিন্ন দোকানে বিক্রি করে। ওই তেল ক্রেতাদের মধ্যে পলাশ মণ্ডলও একজন ক্রেতা রয়েছে। ঘটনার সঙ্গে অন্যান্য ক্রেতাদেরও পুলিস খুঁজছে।