Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ হিটম্যান শো’য়ের প্রতীক্ষায় ইডেন, মুম্বইকে হারিয়ে প্লে-অফের দৌড়ে থাকতে মরিয়া নাইটরা

গত ম্যাচেও এমন উৎসাহ চোখে পড়েনি ইডেনের বাইরে। ভোটের বাংলায় এমনিতেই আইপিএল নিয়ে কলকাতার ক্রিকেটপ্রেমীদের মধ্যে উদ্দীপনা ছিল কম।

আজ হিটম্যান শো’য়ের প্রতীক্ষায় ইডেন, মুম্বইকে হারিয়ে প্লে-অফের দৌড়ে থাকতে মরিয়া নাইটরা
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুকান্ত বেরা, কলকাতা: গত ম্যাচেও এমন উৎসাহ চোখে পড়েনি ইডেনের বাইরে। ভোটের বাংলায় এমনিতেই আইপিএল নিয়ে কলকাতার ক্রিকেটপ্রেমীদের মধ্যে উদ্দীপনা ছিল কম। হঠাৎ করে হাওয়া বদলের কারণ? 

Advertisement

ক্লাব হাউসের বাইরে ব্যারিকেডের সামনে পৌঁছাতেই রহস্য উন্মোচিত। না, কেকেআর নয়। ঘর্মাক্ত শরীরে অনুরাগীরা দাঁড়িয়ে রোহিত শর্মার অপেক্ষায়। কেউ এসেছেন কল্যাণী থেকে, কারও আবার ‘কেয়ার অফ’ কাকদ্বীপ। কিন্তু অপেক্ষাই সার। মঙ্গলবার অনুশীলনেই এলেনই না হিটম্যান। মুম্বই ইন্ডিয়ান্সের ছিল অপশনাল প্র্যাকটিস। অগত্যা অপেক্ষারত রোহিত ভক্তদের মনের রিংটোন হয়ে উঠল— তোমার দেখা নাই রে, তোমার দেখা....। তবে বুধবার ঘরের মাঠে নাইটদের মঞ্চে অনেকটাই আলো শুষে নেবেন রোহিত। ইডেন তাঁর পয়মন্ত মাঠ। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচে ২৬৪ রানের ঝলমলে রেকর্ড আজও অক্ষত। এখনও রানের খিদে কমেনি। সেই কারণেই নাইটদের প্লে-অফের অঙ্কে হিটম্যান হয়ে উঠতে পারেন দুঃস্বপ্ন। 
শক্তির নিরিখে কেকেআরের চেয়ে অনেকটাই এগিয়ে মুম্বই। তার উপর চোট সারিয়ে হার্দিক পান্ডিয়ার ফেরার সম্ভাবনাও রয়েছে। চাপমুক্ত মুম্বই কিন্তু আরও ভয়ঙ্কর। শুরুতে রোহিত ও রিকেলটন দাঁড়িয়ে গেলে কপালে দুঃখ রয়েছে শাহরুখ খানের দলের। পরের দিকে নমন ধীর, তিলক ভার্মা, উইল জ্যাকস, রাদারফোর্ডের মতো ব্যাটাররা রয়েছেন, যাঁরা কঠিন পরীক্ষায় ফেলবেন কেকেআরকে। সূর্যকুমারও ফিট বলে শোনা যাচ্ছে। তবে ছিটকে গিয়েছেন ওপেনার কুইন্টন ডি’কক। বোলিংয়ে অবশ্যই বাড়তি ফোকাস থাকবে বুমরাহর দিকে। চলতি আইপিএলে খুব একটা ছন্দে ধরা দেননি তারকা পেসার। 
এদিকে, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর কেকেআর যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা সত্যিই তারিফযোগ্য। অঙ্কের নিরিখে প্লে-অফের স্বপ্ন এখনও জেগে। তার জন্য বাকি দুটো ম্যাচ জিততেই হবে, সেই সঙ্গে মাথায় রাখতে হবে নেট রান রেটের অঙ্ক। রাহানেদের কাছে এখন প্রতিটি ম্যাচই ‘ডু অর ডাই’। মুম্বইকে হারিয়ে রাহানেরা এক ঢিলে দুই পাখি মারতে চান। এবারের আইপিএলে ওয়াংখেড়েতে ২২০ রান তুলেও হারতে হয়েছিল কেকেআরকে। ফিরতি লড়াই জিতে বদলায় চোখ নারিনদের। তাতে উজ্জ্বল হবে প্লে-অফের সম্ভাবনাও। শেষ ছ’টি ম্যাচের মধ্যে নাইটরা পাঁচটিতে জিতেছে। ফিন অ্যালেনের ফর্মে ফেরা বদলে দিয়েছে নাইটদের ব্যাটিংয়ের জরাজীর্ণ ছবিটা। রাহানের সঙ্গে তিনিই শুরু করবেন। তিনে নামা রঘুবংশীও ভরসা জোগাচ্ছেন নিয়মিত। ছন্দে ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং। চোটের কারণে পাথিরানা নেই। ফলে রভম্যান পাওয়েলের খেলার সম্ভাবনা থাকছে।
ইডেনের পিচে ঘাসের ছিটেফোঁটা নেই। শুরুতে রান উঠলেও পরের দিকে মন্থর হবে। সেক্ষেত্রে সুবিধা পেতে পারেন স্পিনাররা। এই অঙ্কে কেকেআরের পাল্লা ভারী। কারণ, সুনীল নারিন দুরন্ত ফর্মে। চোট থাকা সত্ত্বেও বরুণকে খেলানোর ভাবনা রয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্টের। তার সঙ্গে জুড়ে দেওয়া হতে পারে অনুকূল রায়কে। দেখে মনে হচ্ছে, রোহিত, রিকেলটনদের থামাতে স্পিনকেই অস্ত্র করতে চাইছে কেকেআর।  

Advertisement
সম্পর্কিত সংবাদ