রাজ্যে ৪ স্থানে ইডি হানা, শিল্প গড়ার নামে ব্যাংকঋণ নিয়ে ৩০০ কোটি পাচার!
  • ৩১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাওয়ার প্লান্ট তৈরির জন্য ব্যাংক থেকে প্রায় ৩০০ কোটি টাকা ঋণ নিয়ে তা পাচার করার অভিযোগে রাজ্যের চার জায়গায় একযোগে তল্লাশি চালাল ইডি। শুক্রবার বেহালা, লেকটাউন, উত্তরপাড়া, হাওড়া, আসানসোল সহ বিভিন্ন স্থানে অভিযান চলেছে। এর মধ্যে রয়েছে একাধিক চার্টার্ড অ্যাকাউন্টটেন্টের বাড়ি ও অফিস। বাজেয়াপ্ত করা হয়েছে লেনদেন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নথিও।

Advertisement

ঝাড়খণ্ডের একটি বেসরকারি কোম্পানি পাওয়ার প্লান্ট করবে বলে বছরতিনেক আগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ নেয়। কিন্তু ঋণের কিস্তির টাকা জমা পড়েনি। ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে ধরা পড়ে কোনো প্লান্টই হয়নি। এই টাকা আত্মসাৎ করা হয়েছে। টাকা কোথায় পাচার হল, তা জানতে ব্যাংকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ইডি। 
কেন্দ্রীয় এজেন্সি তদন্তে নেমে জানতে পারে, বিভিন্ন কোম্পানিতে এই টাকা জমা পড়েছে। সেখান থেকে তা অন্য অ্যাকাউন্টে গিয়েছে। পরে সেই টাকা আবার তুলেও নেওয়া হয়েছে। ইডি আরও জানতে পারে, এগুলি সব কাগুজে কোম্পানি। কোম্পানিগুলি খুলতে সাহায্য করেছেন চারজন চার্টার্ড অ্যাকাউন্টটেন্ট। তাঁরা হাওড়া, উত্তরপাড়া, লেকটাউন ও আসানসোলের বাসিন্দা। অন্যদিকে, কাগুজে কোম্পানিগুলির ডিরেক্টর ছিলেন আসানসোল ও বরাকরের দুই ব্যবসায়ী। তাঁদের সঙ্গে ঝাড়খণ্ডের যে-কোম্পানি ঋণ নিয়েছিল  তাঁদের যোগাযোগ রয়েছে।  সমস্ত নথি হাতে আসার পরই শুক্রবার সকালে উত্তরপাড়া, লেকটাউন, হাওড়ার শিবপুর ও আসানসোলে সংশ্লিষ্ট চার্টার্ড অ্যাকাউন্টটেন্টদের বাড়ি ও অফিসে পৌঁছে যান ইডি কর্তারা। পাশাপাশি আসানসোল ও বরাকর এলাকার দুই ব্যবসায়ীর বাড়িতেও হানা দেয় এজেন্সি। তল্লাশি চলে টানা দশঘণ্টা। বাজেয়াপ্ত নথি পরীক্ষার কাজ চলছে। মিলেছে ব্যাংক লেনদেনের বিভিন্ন প্রমাণ। এবার সংশ্লিষ্ট ব্যক্তিদের নোটিস পাঠিয়ে তলবও করবে ইডি।