Bartaman Logo
৯ জুন, ২০২৬

অনিল আম্বানির বিরুদ্ধে লুকআউট নোটিস ইডির, ৩ হাজার কোটির টাকার ঋণ জালিয়াতি

আরও বিপাকে পড়লেন রিলায়েন্স গোষ্ঠীর কর্তা অনিল আম্বানি। অন্তত ২০ হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগে গত সপ্তাহ থেকে অনিলের বিভিন্ন সম্পত্তি ও দপ্তরে তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

অনিল আম্বানির বিরুদ্ধে লুকআউট নোটিস ইডির, ৩ হাজার কোটির টাকার ঋণ জালিয়াতি
  • ২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আরও বিপাকে পড়লেন রিলায়েন্স গোষ্ঠীর কর্তা অনিল আম্বানি। অন্তত ২০ হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগে গত সপ্তাহ থেকে অনিলের বিভিন্ন সম্পত্তি ও দপ্তরে তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী মঙ্গলবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেও পাঠানো হয়। তার মধ্যেই শুক্রবার তিন হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি মামলায় অনিলের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল ইডি। কেন্দ্রীয় সংস্থাটি জানিয়েছে, ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে ইয়েস ব্যাঙ্ক। সেই টাকা অন্যত্র সরিয়ে ফেলেছে অনিল আম্বানির সংস্থা। ইডি জানিয়েছে, এই ঋণ অনুমোদনের বিনিময়ে ইয়েস ব্যাঙ্কের আধিকারিকদের কাছে বিপুল ‘উৎকোচ’ পৌঁছে গিয়েছে বেনামী সংস্থার তরফে। লুকআউট নোটিস জারি করার ফলে অনিল কোনওভাবেই দেশ ছাড়তে পারবেন না।

Advertisement

এর আগে বিজয় মালিয়া, নীরব মোদি বা মেহুল চোকসির মতো শিল্পপতিরা ঋণ জালিয়াতি করে বিদেশে পালিয়ে গিয়েছেন। তাঁদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। ইয়েস ব্যাঙ্ক ছাড়াও অনিল আম্বানির বিরুদ্ধে ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক, সিকিওরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া, ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথরিটি এবং একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কও ইডির কাছে অভিযোগ জানিয়েছে। ইডি মনে করছে, মালিয়া, নীরব বা চোকসির তুলনায় অনিল আম্বানির ঋণ প্রতারণার ব্যাপ্তি অনেক বেশি। তাই অনিলের বিদেশযাত্রা ঠেকাতেই ইডি দ্রুত লুকআউট নোটিসের পথে হাঁটল বলে মনে করা হচ্ছে। 
গত সপ্তাহে দিল্লি ও মুম্বইজুড়ে অনিল আম্বানির ৩৫টি সম্পত্তি ও ৫০টি সংস্থার দপ্তরে দিনভর ইডি তল্লাশি চালায়। বৃহস্পতিবার সন্ধ্যাতেও ৬৮ কোটি টাকার বেশি ভুয়ো ব্যাঙ্ক গ্যারান্টি মামলায় কলকাতা ও ভুবনেশ্বরের চারটি জায়গায় তল্লাশি চালানো হয়। শুক্রবার পর্যন্ত এই তল্লাশি চলে।  ফাইল চিত্র

সম্পর্কিত সংবাদ