সব কিছু তদন্ত করার ‘সুপার কপ’ নয় ইডি, জানাল কর্ণাটক হাইকোর্ট, কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে মামলায় ভর্ৎসনা
  • ৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে মামলায় কর্ণাটক মামলায় ধাক্কা খেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কড়া ভর্ৎসনার সুরে আদালত বলেছে,  যা কিছু নজরে আসবে, এমন সব কিছুই তদন্ত করার ‘সুপার কপ’ নয় এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালত সাফ জানিয়েছে, কোনোভাবেই নির্ধারিত কাঠামোকে এড়িয়ে আর্থিক তছরূপের মামলায় তদন্তভার হাতে তুলে নিতে পারে না ইডি। উল্লেখ্য, কেন্দ্রের বিজেপি সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে বলে দীর্ঘদিন ধরেই সরব বিরোধীরা। এর পরিপ্রেক্ষিতে কর্ণাটক হাইকোর্টের এই সীমারেখা টেনে দেওয়াকে মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

Advertisement

কোলার-চিক্কাবাল্লারপুর ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসরস ইউনিয়ন লিমিটেড (কোমুল) এ নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছিল কর্ণাটকের কংগ্রেস বিধায়ক কেওয়াই নানজেগৌড়া সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে । সেই সংক্রান্ত একগুচ্ছ মামলা খারিজ করে দিয়েছেন বিচারপতি এমআই অরুণ। আদালত উল্লেখ করেছে, মূল অভিযোগটি তফসিলভুক্ত না হলে আর্থিক তছরূপের মামলা স্বাধীনভাবে চলতে পারে না। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ক্ষমতা সম্পর্কে আদালতের পর্যবেক্ষণ, তা ‘মৌলিক নয়, উদ্ভূত’। আর্থিক তছরূপ হয়েছে এমন সন্দেহে স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত করতে পারে না ইডি। বিচারপতি অরুণ আরও জানান, মূল অভিযোগটি বহাল না থাকলে পিএমএলএ (প্রিভেনশন অ্যান্ড মানি লন্ডারিং অ্যাক্ট) মামলাটি চলতে পারে না। 
আদালত আরও বলে, আইনি কাঠামো মেনেই নিজের ক্ষমতা পায় এজেন্সি। সাংবিধানিক কাঠামোর চেক অ্যান্ড ব্যালান্সের নীতি কাউকে সর্বোচ্চ ক্ষমতাধর হতে দেয় না। এরপরেই বিচারপতির মন্তব্য, ‘সবকিছু তদন্ত করার জন্য ইডি কোনো সুপার কপ নয়’।  আদালত সম্পত্তি বাজেয়াপ্ত সংক্রান্ত পিএমএলএ অ্যাডজুডিকেডিং অথরিটির একটি সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে এবং এক আবেদনকারীকে বাজেয়াপ্ত সামগ্রী ফেরতের নির্দেশ দিয়েছে।