নয়াদিল্লি: ঋণ জালিয়াতির অভিযোগে সুভাষ চন্দ্রের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২০১৮ সালের দু’টি সংস্থাকে মোট ৯৮০ কোটি টাকা ঋণ দিয়েছিল লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন হাউসিং ফিনান্স লিমিটেড। অভিযোগ দুই ক্ষেত্রেই ব্যক্তিগত সুরক্ষা প্রদানকারী হিসাবে নিজের সম্পত্তির পরিমাণ অতিরঞ্জিত করে দেখিয়েছিলেন সুভাষ চন্দ্র। পরে তা শোধ না দেওয়ায় এলআইসি হাউসিং ফিনান্সের মোট ১ হাজার ৩২২ কোটি টাকা ক্ষতি হয়। সেই ঘটনায় সিবিআইয়ের দায়ের করা এফআইয়েরর ভিত্তিতে এবার মামলা দায়ের করল ইডিও।
সম্প্রতি মোট ২২ হাজার কোটি টাকার বেশি অনাদায়ী ঋণের মীমাংসায় সুভাষ চন্দ্রকে মাত্র সাড়ে ৬ কোটি টাকা শোধের নির্দেশ দিয়েছিল এনসিএলটি। সেই নির্দেশের বিরুদ্ধে ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনাল (এনসিএলএটি)-এর দ্বারস্থ হয়েছে এলআইসি হাউসিং ফিনান্স। এবার ইডির মামলায় দায়ের করায় আরও বিপাকে পড়লেন ওই শিল্পপতি। তাঁর সংস্থা জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড অবশ্য জানিয়েছে, এই মামলা ব্যক্তিগতভাবে সুভাষ চন্দ্রের বিরুদ্ধে। ‘জি’-এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।



