নয়াদিল্লি: ন্যাশনাল হেরাল্ড মামলায় বড়সড় পদক্ষেপ নিল ইডি। এবার একেবারে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই প্রথম তাঁদের বিরুদ্ধে কোনও মামলায় চার্জশিট পেশ করা হল। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে এই মামলায় চার্জশিটে নাম রয়েছে শ্যাম পিত্রোদারও। মামলার পরবর্তী শুনানি হবে ২৫ এপ্রিল। অন্যদিকে, গোটা বিষয়টিকে 'প্রতিহিংসার রাজনীতির প্রতিফলন' বলে তোপ দেগেছে কংগ্রেস।
প্রসঙ্গত, ন্যাশনাল হেরাল্ড মামলায় গত শনিবার ৬৬১ কোটি টাকার সম্পত্তি হেফাজতে নেওয়ার নোটিস জারি করেছিল ইডি। ইতিমধ্যেই দিল্লি, মুম্বইয়ের বেশ কিছু জায়গা, লখনউয়ের বিশেশ্বর নাথ রোডের এজেএল বিল্ডিং নিজেদের হেফাজতে নেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে তদন্তকারী সংস্থা।
উল্লেখ্য, ২০১৩ সালে প্রথম ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয় পদ্ম শিবির। এরপর ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসতেই বিষয়টি নিয়ে রীতিমতো সাড়া পড়ে গিয়েছিল। ২০০৮ সালে সংবাদপত্রটির প্রকাশ বন্ধ হয়ে যায়। জওহরলাল নেহরু প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের মালিকানা ছিল এজেএল নামক সংস্থার হাতে। যা পরে কিনে নেয় ‘ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড’। যেটি আসলে সোনিয়া, রাহুল এবং শীর্ষস্থানীয় কংগ্রেস নেতাদের সংস্থা। ফলে ‘ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড’ –এর ঘাড়ে চাপে দেনার বোঝা। কিন্তু কিছুদিন পর কংগ্রেসের তরফে ঋণ মুকুব করে দেওয়া হয়। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগ ছিল, কংগ্রেস এমনটা করতে পারে না। এরপরই ২০২১ সালে আর্থিক তছরুপের তদন্ত শুরু করে ইডি।