Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

হেমন্ত ঘনিষ্ঠ কংগ্রেস নেতার বাড়িতে ইডি, জোর তল্লাশি সরগরম অন্ডাল

ফের শিল্পাঞ্চলে ইডির হানা নিয়ে শোরগোল। মঙ্গলবারই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধিনে থাকা এই সংস্থা হানা দিয়েছিল তৃণমূল সরকারের আমলে মন্ত্রী থাকা ইন্দ্রনীল সেনের বাড়ি সহ একাধিক জায়গায়

হেমন্ত ঘনিষ্ঠ কংগ্রেস নেতার বাড়িতে ইডি, জোর তল্লাশি  সরগরম অন্ডাল
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল ও সংবাদদাতা, দুর্গাপুর: ফের শিল্পাঞ্চলে ইডির হানা নিয়ে শোরগোল। মঙ্গলবারই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধিনে থাকা এই সংস্থা হানা দিয়েছিল তৃণমূল সরকারের আমলে মন্ত্রী থাকা ইন্দ্রনীল সেনের বাড়ি সহ একাধিক জায়গায়। বুধবার সাত সকালেই প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক দিলীপ তুরির বাড়িতে ইডি অভিযান চালালো। এদিন ভোরে জামুড়িয়া থানার সিএল জামবাদ এলাকায় তাঁর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে একাধিক গাড়িতে করে হাজির হয় ইডির অফিসাররা। তারপর ভোর থেকে বিকাল পর্যন্ত চলছে অভিযান। পুরো এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। 

Advertisement

যদিও ঠিক কী কারণে এই অভিযান তা স্পষ্ট করেই কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার প্রতিনিধিরা। দিলীপ তুরিকে ফোন করা হলে তাঁর একটি ফোন সুইচ অফ অন্য ফোনে একজন মহিলা ফোন ধরে জানান ‘রং নম্বর’। 
বিষয়টি নিয়ে কংগ্রেস জেলা সভাপতি হরজিৎ সিং বলেন, বিজেপির আমলে কংগ্রেসের উপর ক্রমাগত আক্রমণ হচ্ছে। বিশেষ করে বিজেপি সরকার গঠনের পর কংগ্রেস নেতাদের টার্গেট করা হচ্ছে। এর আগেও বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করার অভিযোগ রয়েছে। এই আবহে এই অভিযান নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। যদিও কী বিষয়ে অভিযান তা না জেনে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। 
দিলীপ তুরি কংগ্রেসের রাজ্য নেতৃত্ব হলেও শিল্পাঞ্চলে মাঠে ময়দানে কংগ্রেসের হয়ে তাঁকে খুব বেশি আন্দোলনে দেখা যায়নি। উল্টে ইসিএলের সঙ্গে তাঁর ঘনিষ্টতা বার বার প্রকাশ্যে এসেছে। একবার ইসিএল ছোট গাড়ি পরিবহণ কাজে ব্যবহার করার জন্য টেন্ডার প্রকাশ করেছিল। একসাথে ৪০টি গাড়ির টেন্ডার পায় দিলীপ তুড়ি ও তাঁর সহযোগীরা। পরবর্তীকালে অন্য গাড়ি চালকদের আন্দোলনের জেরে এই টেন্ডার বাতিল করে ইসিএল। বিভিন্ন ক্ষেত্রে মধ্যস্তকারির ভূমিকাতেও দেখা গিয়েছে তাঁকে। যদিও বাংলা থেকে ঝাড়খণ্ডে তাঁর বেশি প্রভাব দেখা যায়। কংগ্রেস নেতা হলেও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর হেমন্ত সোরেনের সঙ্গে তাঁর ঘনিষ্ট সম্পর্ক রয়েছে বলে কংগ্রেস সূত্রেই দাবি। তিনি এক বৃহৎ এনজিওর সঙ্গে যুক্ত। ইসিএলের রাজমহল প্রজেক্টে জমি নেওয়ার বিষয়ে এই দিলীপ তুরির বড় ভূমিকা ছিল বলে ইসিএল সূত্রে দাবি। বহু ক্ষেত্রে অভিযোগ রয়েছে, ওই এলাকায় জমি প্রতারণার অভিযোগেও তাঁর নাম উঠেছিল। এই অবস্থায় কংগ্রেস নেতা তথা ব্যবসায়ী দিলীপ তুড়ির বাড়িতে ইডি রেড নিয়ে রহস্য বাড়ছে।
তবে শিল্পাঞ্চলে ইডি অভিযান নতুন নয়। কয়লা কান্ডের তদন্তে ধারাবাহিক অভিযান চালিয়েছে তাঁরা। এমনকী শিল্পাঞ্চলে অবৈধ বালি কারবার নিয়েও কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা অভিযান চালিয়েছে। তাঁদের হাতে গ্রেপ্তার হয়েছে পুলিশ অফিসারও। তবে কংগ্রেস নেতার বাড়িতে ইডির অভিযানে শিল্পাঞ্চলে প্রথম।

Advertisement
সম্পর্কিত সংবাদ