নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগের জন্য ফের দেওয়া বিজ্ঞপ্তি নিয়ে আপত্তি তুললেন এগজিকিউটিভ কাউন্সিলের (ইসি) একাধিক সদস্য। তাঁরা এই বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। তাঁদের বক্তব্য, গতবছর নভেম্বরেই স্থায়ী রেজিস্ট্রার নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তাতে ভালোরকম আবেদনও জমা পড়ে। তা সত্ত্বেও চলতি মাসের ৩ তারিখে ফের রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অভিযোগ, ৪ সেপ্টেম্বর ইসি বৈঠকে নিয়োগ প্রক্রিয়া দ্রুত করা এবং একটি স্ট্যান্ডিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। নতুন করে বিজ্ঞপ্তির সিদ্ধান্ত হয়নি। সদস্যদের বক্তব্য, বিধি ভেঙে ইসিকে না জানিয়েই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এদিকে, ছাত্র সংগঠন এবিভিপির লাগানো স্বামী বিবেকানন্দের ছবি সংবলিত ব্যানারে কুরুচিকর শব্দ লেখার ঘটনায় অভিযুক্তের সঙ্গে থাকার অভিযোগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্রী আইনি পথে হাঁটার উদ্যোগ নিচ্ছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, পোস্টারে যা লেখা হয়েছিল, তার কোনোটিই স্বামী বিবেকানন্দকে উদ্দেশ্য করে ছিল না। তা মূলত ছিল শাসক দল ও তার সংগঠনগুলির উদ্দেশে। তা সত্ত্বেও তাঁকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে বলেই দাবি উচ্চ মেধাবী এই ছাত্রীর। তাঁর বহিষ্কারের প্রতিবাদে প্রেসিডেন্সির পড়ুয়া ও প্রাক্তনীরা মানিকতলা থেকে সিমলায় স্বামী বিবেকানন্দের জন্মভিটে এবং সাংস্কৃতিক কেন্দ্র পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন। অন্যদিকে, একসময়ের তৃণমূলপন্থী সরকারি বিদ্যালয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি, পশ্চিমবঙ্গ নয়া শাসক দলের ছায়াতলে এল। সোমবার মহাবোধি সোসাইটি হলে সংগঠনের নবম দ্বি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন আরএসএস-ঘনিষ্ঠ পত্রিকা ‘স্বস্তিকা’র সম্পাদক তিলক বেরা। এছাড়া ছিলেন বিজেপি-ঘনিষ্ঠ কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল, অধ্যাপক বিমলশংকর নন্দ, শিক্ষক কাজি মাসুম আখতার, বিজেপি শিক্ষক সেলের যুগ্ম-আহ্বায়ক পিন্টু পাড়ুই প্রমুখ। সদস্যদের মতামতের ভিত্তিতে পুনর্বিবেচিত সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘আমরা সরকারি কর্মী। কোনো দলীয় সংগঠন করতে পারি না। পূর্ববর্তী সরকারের সঙ্গে সম্পর্ক থাকলেও ১০ বছর ধরে কোনো সাহায্য পাইনি। তবে, আমরা সরকারি কর্মী হওয়ায় সরকারের সঙ্গে সম্পর্ক রেখেই আমাদের চলতে হবে।’



