নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: চলতি বছরের ১ জানুয়ারি কোচবিহারের রসিকবিলে যে ভিড় হয়েছিল সংখ্যার নিরিখে তা ১৭ হাজার। রাজ্যের চিড়িয়াখানাগুলির মধ্যে তা ছিল দ্বিতীয়। রসিকবিল মিনি জু এবারও রাজ্যে দ্বিতীয় হওয়ার সেই রেকর্ড ধরে রাখতে চাইছে। শুধুমাত্র ১ জানুয়ারিই নয়, ২৫ ডিসেম্বরও সেখানে ভালো ভিড় হয়। আর সেই লক্ষ্যেই বনদপ্তর আগে থেকেই নানা প্রস্তুতি নিয়েছে। এবার রসিকবিলে পর্যটকরা দুই স্ত্রী চিতাবাঘ রিমঝিম ও গরিমার ছয় শাবক সহ বাড়তি অনেক পশু-পাখির দেখা পাবেন। কোচবিহারের এডিএফও বিজনকুমার নাথ বলেন, এবার চিতাবাঘ শাবকের সংখ্যা বেড়েছে। কিছু ময়না, টিয়া এসেছে। সানকুনোরে নামে বিদেশি পাখি, মনিটর লিজার এসেছে। ওষধি বাগানের প্রদর্শনী ক্ষেত্র, শিশুদের খেলার উপকরণ সহ খেলার জায়গা তৈরি করা হচ্ছে। এগুলি ছাড়াও বাগান করা হচ্ছে। বাঁশের সাঁকো তৈরি করা হচ্ছে। গত ১ জানুয়ারি ১৭ হাজারের বেশি পর্যটক এসেছিলেন। যা রাজ্যের চিড়িয়াখানাগুলির মধ্যে দ্বিতীয় ছিল।



