Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এবার সাড়ে তিন লক্ষ মেট্রিক টন ধান কেনার লক্ষ্য মালদহ জেলা প্রশাসনের

এবার সাড়ে তিন লক্ষ মেট্রিক টন ধান কেনার লক্ষ্য মালদহ জেলা প্রশাসনের
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা, হবিবপুর: এবছর সাড়ে তিন লক্ষ মেট্রিকটন ধান কেনার লক্ষ্যমাত্রা নিল মালদহ জেলা প্রশাসন। বাড়ানো হল মোবাইল সিপিসি ও গোষ্ঠীর সংখ্যা। ২ নভেম্বর থেকে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কিনতে শুরু করেছে খাদ্য ও সরবরাহ দপ্তর। তবে হবিবপুর ব্লকে সিপিসি চালু হবে ১৬ নভেম্বর থেকে। তার আগে মঙ্গলবার হবিবপুর ব্লকে গিয়ে কৃষিমান্ডি ঘুরে দেখেন জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া। কথা বলেন কৃষকদের সঙ্গে। ধান বিক্রি করতে এসে যেকোনও ধরনের সমস্যার সম্মুখীন হলে কৃষকদের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার কথাও বলেন তিনি। জেলাশাসক বলেন, এবছর প্যাডি পার্চেস সোসাইটির সংখ্যা ৭৯ থেকে বাড়িয়ে ১০৩টি করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, মালদহ জেলার আদিবাসী অধ্যুষিত পুরাতন মালদহ, হবিবপুর, গাজোল এবং বামনগোলা ব্লকেই প্যাডি পার্চেস সোসাইটির সংখ্যা বাড়ানো হয়েছে। যাতে প্রত্যন্ত এলাকার কৃষকরা খুব সহজেই তাঁদের ধান সহায়ক মূল্যে বিক্রি করতে পারেন। জেলাশাসক আরও জানান, ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য ৩লক্ষ ৬০হাজার মেট্রিকটন ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জেলায় মোবাইল এবং স্থায়ী মিলিয়ে ৩৫টি সিপিসি অর্থাৎ ধানবিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। যেখানে সহায়ক মূল্যে ধান বিক্রি করার জন্য ১ লক্ষ ১৫ হাজার ৪১২ জন কৃষক রেজিস্ট্রেশন করেছেন। রাজ্য সরকার এবছর কৃষকদের কাছ থেকে ক্যুইন্টাল প্রতি ২ হাজার ৩২০ টাকা সহায়ক মূল্যে ধান কিনবে। মালদহ জেলায় ২ নভেম্বর থেকে কৃষকরা সহায়ক মূল্যে ধান বিক্রি করতে শুরু করেছে। মঙ্গলবার পর্যন্ত তিনদিনে ৫.৩৬৫ মেট্রিকটন ধান কিনেছে প্রশাসন। খাদ্য এবং সরবরাহ দপ্তর সূত্রে জানা গিয়েছে, সিপিসি'র পাশাপাশি এবছর ৪২টি স্বনির্ভর গোষ্ঠী, ৬২টি পিএসিএস (প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি) এবং ১১টি এফপিসি (ফার্মার প্রডিউসার) গোষ্ঠী কৃষকদের থেকে সহায়ক মূল্যে ধান কিনবে।
Advertisement
(মঙ্গলবার হবিবপুর ব্লকে কৃষি মান্ডি পরিদর্শনে মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া।-নিজস্ব চিত্র)
সম্পর্কিত সংবাদ