নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার হিল কমপেনসেটরি ভাতা বাড়ছে পঞ্চায়েত কর্মীদের। ইতিমধ্যে এ ব্যাপারে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। প্রশাসন সূত্রের খবর, দীর্ঘদিন ধরে পাহাড়ে পঞ্চায়েত কর্মীদের হিল কমপেনসেটরি অ্যালাউন্স (এইচসিএ) ছিল মাসে ১৫০০ টাকা। এবার তা বাড়িয়ে ২০০০ টাকা করা হচ্ছে। রোপা-১৯ অনুসারে কর্মীদের কমপেনসেটরি অ্যালাইন্স মাসে ২০০০ টাকা এবং রিলিফ অ্যালাউন্স মাসে ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত ১ ডিসেম্বর থেকে কার্যকর করা হচ্ছে। প্রশাসনের আধিকারিকরা জানান, দীর্ঘদিন আগে পহাড়ে কর্মরত বিভিন্ন দপ্তরের অফিসার ও কর্মীরা এইচসিএ পান। এবার থেকে তাঁদের সঙ্গে সমহারে ওই সুবিধা পাবেন পঞ্চায়েত কর্মীরা। দীর্ঘ ২৩ বছর পাহাড়ে পঞ্চায়েত ব্যবস্থা কার্যত অচল ছিল। গত পঞ্চায়েত ভোটের আগে পাহাড়ে ফের পঞ্চায়েত ব্যবস্থা চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রের খবর, বর্তমানে দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ১১২টি। যারমধ্যে দার্জিলিংয়ে ৭০টি এবং কালিম্পংয়ে ৪২টি পঞ্চায়েত রয়েছে। এরবাইরে দার্জিলিং পাহাড়ে পাঁচটি এবং কালিম্পংয়ে চারটি পঞ্চায়েত সমিতি রয়েছে। সংশ্লিষ্ট পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির কর্মীদের অ্যালাউন্স বৃদ্ধির দাবি বহুদিনের। এবার সেই দাবি পূরণ হতে চলায় পঞ্চায়েত কর্মীরা রীতিমতো উচ্ছ্বসিত। দার্জিলিংয়ের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অনির্বাণ চট্টোপাধ্যায় বলেন, পঞ্চায়েত কর্মীদের অ্যালাউন্স বাড়ানোর বিষয়টি শুনেছি। রাজ্য সরকারের নির্দেশ মতো তা কার্যকর করা হবে।



