Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এবার মহিলাদের সার্ভাইক্যাল ক্যান্সার ঠেকাতে বিনামূল্যে টিকা দেওয়া শুরু 

এবার মহিলাদের সার্ভাইক্যাল ক্যান্সার ঠেকাতে বিনামূল্যে টিকা দেওয়া শুরু 
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ‘ক্যান্সারের নেই কোনও অ্যানসার’। এই মারণ রোগের ভয়াভয়তা দেখেই প্রচলিত হয়েছিল এমন প্রবাদ। এখন দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য সেই অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। তবে জরায়ু বা সার্ভা‌ইক্যাল ক্যান্সার চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্যকর্তাদের। এই ক্যান্সারে আক্রান্তর ৭৭ শতাংশই পাঁচ বছরের মধ্যে মারা যান। এই অবস্থায় এই ক্যান্সার প্রতিরোধী টিকা দেওয়া শুরু হয়েছে আসানসোলে। তাও সম্পূর্ণ বিনামূল্যে এই টিকা দেওয়া হচ্ছে আসানসোল ইএসআই হাসপাতালে। এখনও পর্যন্ত ৫০ জন মহিলাকে ক্যান্সার টিকা দেওয়া হয়েছে। শুধু আসানসোল ইএসআই হাসপাতালেই নয়, রাজ্য সরকারের অধীনে থাকা শিয়ালদহ ইএসআই হাসপাতালেও এই টিকা দেওয়া শুরু করেছে। 
Advertisement
আসানসোল ইএসআই হাসপাতালের সুপার অতনু ভদ্র বলেন, আমরা ক্যান্সার প্রতিরোধী টিকা সম্পূর্ণ বিনামূ঩ল্যে দিচ্ছি। এতে বহু মানুষের ক্যান্সার হওয়ার আশঙ্কা কমে যাবে। 
ইএসআই হাসপাতালের চিকিৎসকরা জানান, এখনও পর্যন্ত দেশে এক লক্ষ ২৪ হাজার জনের জরায়ু ক্যান্সার ধরা পড়েছে। তারমধ্যে প্রায় ৭৪ হাজার জনই মারা গিয়েছেন। তাঁদের আশঙ্কা, এই পরিসংখ্যান হিমশৈলের চূড়া মাত্র। বেশিরভাগ রোগী রোগ চিহ্নিত হওয়ার আগেই মৃত্যু কোলে ঢলে পড়ছেন। 
শেষ পর্যায়ে ধরা পড়লে মাত্র সাত শতাংশ রোগীকে বাঁচানো সম্ভব হয়। প্রথম অবস্থায় ধরা পড়লেও ৩০ শতাংশের কম মানুষই দীর্ঘদিন বাঁচতে পারেন। এই নিয়ে যখন উদ্বেগ বাড়ছে তখনই এই রোগের প্রতিরোধক এইচপিভি টিকাকে সাধারণ মানুষের মধ্যে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও গরিব মানুষের ক্ষেত্রে যথেষ্ট ব্যয়বহুল এই টিকা। তিনটি ডোজের জন্য প্রায় ২০ হাজার টাকা খরচ হয়। চিকিৎসকদের দাবি, এই টিকা সবচেয়ে বেশি কাজ করে হয় ৯ থেকে ১৪ বছরের মেয়েদের তা দেওয়া গেলে। ১৪ থেকে ৪০ বছরের মেয়েদেরও দেওয়া যায়। ছোটদের ক্ষেত্রে দু’টি ডোজ নিতে হলেও বড়দের ক্ষেত্রে তিনটি ডোজ নিতে হয়। সেই ব্যয়বহুল টিকাই আসানসোল ইএসআই  হাসপাতালে দেওয়া হচ্ছে বিনামূল্যে। এই হাসপাতালের ইএসআই কার্ড থাকলে মহিলারা এসে গাইনোকোলজিস্টকে দেখাতে হবে। তাঁর পরামর্শ মতো টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়। 
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুধু ক্যান্সারের টিকা দেওয়াই নয়, নানা পরিষেবা বাড়ানো হচ্ছে আসানসোল ইএসআই হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষর দাবি, ৪৬ হাজার শ্রমিক পরিবার এই হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে থাকেন। শল্য, অস্থি, চোখ, ইএনটি সহ নানা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা করেন। নতুন একজন করে অস্থি ও শল্যর বিশেষজ্ঞ চিকিৎসক যোগ দেওয়ায় এখন থেকে এই দু’টি বিভাগে তিনদিন করে ওপিডি চালু থাকবে। আগে যা দু’দিন ছিল। পাশাপাশি অর্থোপেডিক বিভাগটি ঢেলে সাজানো হচ্ছে। 
সম্পর্কিত সংবাদ