Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এবার একই নম্বরে দু’টি ভোটার কার্ডের সন্ধান

এবার একই নম্বরে দু’টি ভোটার কার্ডের সন্ধান
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: রানিনগরের পর এবার হরিহরপাড়া। মুর্শিদাবাদ জেলায় ফের একই নম্বরে দু’টি ভোটার কার্ডের সন্ধান মিলল। হরিহরপাড়ার ডল্টনপুরের বাসিন্দা ফজলুল শেখের ভোটার আইডির নম্বরে রাজেশ্বরী কে’র ভোটার কার্ড রয়েছে। তিনি কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর বাসিন্দা। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভোটার কার্ড নম্বর দিয়ে সার্চ করতেই দু’জনের একই আইডি দেখানো হচ্ছে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত ফজলুল। ভুয়ো ভোটার নিয়ে মুখ্যমন্ত্রী সরব হতেই মাঠে নেমেছেন তৃণমূলের নেতারা। সোমবার সকালে ফজলুলের ভোটার আইডির বিভ্রান্তির খবর শুনেই তাঁর বাড়িতে যান স্থানীয় বিধায়ক নিয়ামত শেখ ও জন প্রতিনিধিরা। তাঁকে আশ্বস্ত করার পাশাপশি ভোটার কার্ডের সমস্যা কীভাবে মেটানো যায়, সে ব্যাপারে তদারকি করছেন তৃণমূল নেতৃত্ব। ফজলুল বলেন, কী করব কিছুই বুঝতে পারছি না। আমরা তো বছরের পর বছর ধরে এখানেই আছি। আমার পরিবারের কারও কার্ডে সমস্যা নেই। শুধু আমারই এমন হল। বিধায়ক বলেন, ডল্টনপুর গ্রামের মাদ্রাসার সামনেই ফজলুলের বাড়ি। ভোটার তালিকা ভেরিফিকেশন করে দেখছি সব ঠিক আছে। অথচ কর্ণাটকের একজনের এপিক নম্বর আর ওঁর কার্ডের এপিক নম্বর একই আছে। দু’জনেরই ভোট দেওয়ার অধিকার আছে। কর্ণাটকের নাগরিককে তো আমরা চিনি না। তবে, কী করে হল এটা দেখতে হবে। সেক্ষেত্রে একে বহিরাগত বলতেই পারে কমিশন। কোথায় যাবে এখানকার মানুষ? এঁদের বাপ-ঠাকুরদার জন্ম এখানে। নিরাপত্তাহীনতায় ভুগছে ফজলুল। আমরা তাঁকে আশ্বস্ত করলাম। আমরা এই ঘটনার রিপোর্ট আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠাব। আমার বিধানসভা এলাকায় আর কেউ এমন আছেন কি না, আমরা খোঁজ করছি। বহরমপুর সদরের মহকুমা শাসক শুভঙ্কর রায় বলেন, যাঁদের ভোটার কার্ডের নম্বরে অন্য জায়গার ব্যক্তিদের নম্বরের মিল থাকছে তাঁদের আতঙ্কিত হতে হবে না। একই নম্বরের ঘটনা আমাদের কানে এসেছে। এটা নিয়ে আমাদের তরফ থেকেও খোঁজ নেওয়া হয়েছে। কমিশনকে জানিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। যোগ্য ভোটাররা কার্ড নিয়ে কেউ সমস্যায় পড়বেন না।
Advertisement
জেলা পরিষদ সদস্য তথা তৃণমূল নেতা জিল্লার রহমান বলেন, বিধায়কের নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে কার্ড খতিয়ে দেখতে গিয়ে এটা ধরতে পেরেছি। এটা নিয়ে আমরা সকলেই আতঙ্কিত আছি। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের লোক বেশি আতঙ্কিত। এভাবে একই নম্বরে ডবল ভোটার কার্ড, এটা কেন্দ্রের বিজেপি সরকারের চক্রান্ত হতে পারে। আমরা নেতৃত্বকে অবশ্যই এটার ব্যাপারে জানাব। 
Advertisement
সম্পর্কিত সংবাদ