Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এবার বীরভূমে মাধ্যমিকে সাত হাজার পরীক্ষার্থী বাড়ছে, পরীক্ষা নিয়ে বৈঠক

এবার বীরভূমে মাধ্যমিকে সাত হাজার পরীক্ষার্থী বাড়ছে, পরীক্ষা নিয়ে বৈঠক
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: এবার বীরভূম জেলায় মাধ্যমিক পরীক্ষায় প্রায় সাত হাজার পরীক্ষার্থী বাড়ছে। সেইসঙ্গে এবারও জেলায় ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা অনেক বেশি। মঙ্গলবার সিউড়ি প্রশাসনিক ভবনে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে জেলা শিক্ষাদপ্তর ও প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। মাধ্যমিক পরীক্ষা নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা হবে। পরীক্ষার আগে সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বৈঠক হয়। এবছর জেলায় মোট ৪৭ হাজার ৫০০ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে। তার মধ্যে ছাত্র ২২ হাজার ৭৩জন এবং ছাত্রীর সংখ্যা ২৫ হাজার ২২৪জন। গত বছরের তুলনায় এবার জেলায় প্রায় সাত হাজার ১৫০জন পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। জেলার মোট ৩৭৯টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রেই থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এর আগে একাধিকবার মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রে টুকলি করা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। তাই প্রশ্নপত্র ফাঁস অথবা টুকলি বন্ধ করার জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়ার কথা আলোচনা হয়েছে। তাছাড়া বৈঠকে প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি পুলিস, সড়ক, স্বাস্থ্য ও শিক্ষাদপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। পরীক্ষার দিনগুলিতে যাতে যাতায়াতের সময় পরীক্ষার্থীদের কোনও সমস্যার মুখে না পড়তে হয় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পাশাপাশি পরীক্ষার সময় শরীরিকভাবে অসুস্থ হলে তাদের জন্য প্রস্তুত থাকবে স্বাস্থ্যদপ্তরও। এছাড়াও এবারও মাধ্যমিকের প্রতিটি প্রশ্নপত্রে থাকছে কিউআর কোড। অর্থাৎ প্রশ্নপত্র ফাঁস হলে তা কোথা থেকে হয়েছে দ্রুত জানা সম্ভব হবে। এদিনের বৈঠক শেষে অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) বিশ্বজিৎ মোদক বলেন, মাধ্যমিক ছাত্রছাত্রীদের জীবনে প্রথম বড় পরীক্ষা। সেই পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রশ্নপত্র নিয়ে বিশেষ সতর্করা থাকবে। এবছর জেলায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সাত হাজার বৃদ্ধি পেয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ