সংবাদদাতা, গঙ্গারামপুর: সোমবার বুনিয়াদপুর শহরে জেলা বইমেলা উপলক্ষ্যে প্রস্তুতি বৈঠক হল। আগামী ৬ জানুয়ারি ২৯ তম জেলা বইমেলা হতে চলেছে বুনিয়াদপুর ফুটবল মাঠে। বইমেলা উপলক্ষ্যে সোমবার বিশেষ সভা হল বংশীহারি ব্লকের টাঙন সভাকক্ষে। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা ও গঙ্গারামপুর মহকুমা পর্যায়ের অধিকারিকগণ। বইমেলা পরিচালনার দায়িত্বে রয়েছে এবারে বংশীহারি পঞ্চায়েত সমিতি। ১৩ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে জেলা বইমেলাতে। বইমেলা সুষ্ঠুভাবে করতে ৯ টি সাব কমিটি গঠন করা হয়েছে। ৭ দিন ব্যাপী থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বংশীহারির বিডিও সুব্রত বল বলেন, জেলা বই মেলার দায়িত্ব পেয়েছে বংশীহারি পঞ্চায়েত সমিতি। এখনই বলা যাবে না কতগুলি স্টল থাকবে। পঞ্চায়েত সমিতি টেন্ডার করে বইমেলার কাজ শুরু করে দেবে। পাঠকদের জন্য সন্ধ্যা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে।



