নিজস্ব প্রতিনিধি, তমলুক: পূর্ব মেদিনীপুর জেলায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির মাধ্যমে কাজের জন্য ২৩৭কোটি টাকা পাঠাল রাজ্য সরকার। পূর্ব মেদিনীপুর জেলার জন্য ওই স্কিমে মোট ৪৪০কোটি টাকা মঞ্জুর করেছে রাজ্য। তারমধ্যে অর্ধেকের বেশি টাকা এসে গিয়েছে বলে সোমবার জানান জেলাশাসক পূর্ণেন্দু মাজী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুথপিছু ১০লক্ষ টাকা বরাদ্দ করার ঘোষণা করেছিলেন। বিরোধী দলের অনেক নেতা সেই ঘোষণাকে ভিত্তিহীন বলে কটাক্ষ করেছিলেন। কিন্তু, ঘোষণা মতোই পূর্ব মেদিনীপুর জেলা ৪৪১৭টি বুথের জন্য ৪৪০কোটি টাকা পাচ্ছে। ইতিমধ্যে ২৩৭কোটি টাকা চলে এসেছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ১৫অক্টোবর পাঁশকুড়ায় শেষ ক্যাম্প হবে। সেদিন এই জেলায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের সমাপ্তি ঘটবে। দু’থেকে তিনটে বুথ নিয়ে একটা করে ক্যাম্প হয়েছে। জেলায় মোট ১৬১৯টি ক্যাম্প হওয়ার কথা। সোমবার পর্যন্ত ১৬১৫টি ক্যাম্প হয়ে গিয়েছে। অর্থাৎ, ক্যাম্প প্রায় শেষ হয়ে এসেছে। এখনও পর্যন্ত ১৭লক্ষ ৫৬হাজার মানুষ ক্যাম্পে হাজির হয়েছেন। ৭০হাজার ৯২৬টি স্কিম এখনও পর্যন্ত নথিভুক্ত হয়েছে। প্রতিটি বুথ থেকে গড়ে ১৬টি করে কাজের পরিকল্পনা জমা পড়েছে। প্রায় ৭১হাজারের মধ্যে জেলা প্রশাসন ৪৩হাজার স্কিম অনুমোদন করেছে। বাকি স্কিম অনুমোদন প্রক্রিয়ায় রয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১২ হাজার ৪৯৯টি স্কিমের টেন্ডার সম্পূর্ণ হয়ে গিয়েছে। আরও ২৩হাজার ৩৪৮টি স্কিমের টেন্ডার ডাকা হয়েছে। ১০২৫টি কাজের ওয়ার্ক অর্ডার ইস্যু হয়ে গিয়েছে। পুজোর পরই কাজ শুরু হবে বলে জেলা প্রশাসনের তরফে আগেই জানানো হয়েছিল। সেইমতো টেন্ডার হয়ে যাওয়ার কাজের ওয়ার্ক অর্ডার দেওয়া শুরু হয়েছে। মোট কাজের মধ্যে ৪৯.৫৩ শতাংশই রাস্তা। এছাড়া ২০শতাংশ স্ট্রিট লাইট রয়েছে। অধিকাংশ সোলার লাইটের আবেদন জমা পড়েছে। তাই অচিরাচরিত শক্তি দপ্তরের কাছে ২৯কোটি টাকার স্কিম পাঠানো হয়েছে। এছাড়াও পিএইচই দপ্তরের কাছে পানীয় জলের কাজের জন্য আরও ২কোটি ৩৬লক্ষ টাকার স্কিম রেফার করা হয়েছে।
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তারআগে বুথস্তরে স্থানীয় বাসিন্দাদের মতামতকে গুরুত্ব দিয়ে একযোগে প্রায় ৭১হাজার স্কিমের কাজ হবে। একসঙ্গে এত স্কিমের বাস্তবায়ন আগে কখনও হয়নি। প্রয়োজনীয় টাকা নিয়েও কোনও সমস্যা নেই। কারণ, কাজ শুরুর মুখেই অর্ধেকের বেশি টাকা জেলায় চলে এসেছে। ৪৪০কোটি টাকার মধ্যে জেলায় এসে গিয়েছে ২৩৭কোটি টাকা। তাই ঠিকাদারদের মধ্যেও ওই স্কিমের কাজ নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে।
‘আমাদের পাড়া আমাদের সমাধান’ স্কিমের কাজে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সোমবার জেলাশাসক পূর্ণেন্দু মাজী জেলা প্রশাসনের অফিসারদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে অতিরিক্ত জেলাশাসক(জেলা পরিষদ) অনির্বাণ কোলে, জেলা পরিষদের সচিব সৌম্য চট্টোপাধ্যায় এবং উপ সচিব তথা ওই স্কিমের নোডাল অফিসার শুভ সিংহরায় উপস্থিত ছিলেন। বর্ষা চলে যাওয়ার অপেক্ষায় ছিল প্রশাসন। বর্ষা মোটামুটি বিদায় নিয়েছে। তাই এবার কোমর বেঁধে ওই কাজ শুরু করতে হবে বলে বরাত পাওয়া এজেন্সিকে জানানো হয়েছে।
জেলাশাসক বলেন, আমাদের পাড়া আমাদের সমাধান প্রোগ্রামের মাধ্যমে প্রায় ৭১হাজার কাজের পরিকল্পনা জমা পড়েছে। অনেক স্কিমের টেন্ডার হয়েছে। ওয়ার্ক অর্ডার দেওয়ার কাজও চলছে। আমরা এখনও পর্যন্ত ২৩৭কোটি টাকা পেয়েছি।