Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ সুপার কাপ অভিযান শুরু ইস্ট বেঙ্গলের, কলিঙ্গ স্টেডিয়ামে প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স

আজ সুপার কাপ অভিযান শুরু ইস্ট বেঙ্গলের, কলিঙ্গ স্টেডিয়ামে প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স
  • ২০ এপ্রিল, ২০২৫ ১৬:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত মরশুমে সুপার কাপ জিতে ট্রফির খরা কাটিয়েছিল ইস্ট বেঙ্গল। তাই ৯ বছর পরে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলার সুযোগ পায় তারা। কিন্তু শেষ আটেই থামে লাল-হলুদের অভিযান। এবারও সুপার কাপ ঘরে তুলে এশিয়ান ফুটবলের মঞ্চে নিজেদের তুলে ধরতে মরিয়া অস্কার ব্রুজোঁ-ব্রিগেড। আর সেই লক্ষ্যেই রবিবার প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সকে হারাতে তৈরি দিয়ামানতাকোসরা। এই ম্যাচ জিতলে কোয়ার্টার-ফাইনালে মোহন বাগানের মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল। 

Advertisement

গতবার ইস্ট বেঙ্গলের সুপার কাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন ক্লেটন সিলভা। কিন্তু এবার তিনি নেই। কোচের সঙ্গে ঝগড়া করে দল ছেড়েছেন। পাশাপাশি হাল্কা চোট রয়েছে সাউল ক্রেসপোর। ফলে কেরলের বিরুদ্ধে চার বিদেশি রেখেই দল সাজাতে চলেছেন লাল-হলুদ স্প্যানিশ কোচ। অস্কারের কথায়, ‘মরশুমের শুরু থেকেই চোট-আঘাতের সমস্যায় ভুগতে হয়েছে। সুপার কাপেও তা অব্যাহত। সাউল দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তবে ওকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাই না। ম্যাচ ফিট হলেই ওকে খেলাব। তবে বাকিরা সেরাটা উজাড় করে দিতে তৈরি। গতবার সুপার কাপ জয়ের মধ্যে দিয়ে এশিয়ান মঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ এসেছিল। এবারও সেই লক্ষ্যেই দল মাঠে নামবে।’
মরশুমের মাঝপথে দায়িত্ব নিলেও অস্কারের প্রশিক্ষণে বেশ কয়েকটি ম্যাচ দারুণ খেলেছে ইস্ট বেঙ্গল। তবে আশা জাগিয়েও সুপার সিক্সে পৌঁছতে পারেনি তারা। সেই ব্যর্থতা ভুলে এগতে চান লাল-হলুদ সারথি। চিরপ্রতিদ্বন্দ্বী মোহন বাগানের জোড়া খেতাব জয় থেকেও ছেলেদের শিক্ষা নিতে বলেছেন তিনি। লাল-হলুদ কোচের মন্তব্য, ‘মোহন বাগান দারুণ এক মরশুম কাটিয়েছে। আইএসএল লিগ-শিল্ড ও কাপ জিতেছে। এবার আমাদেরও ভালো কিছু করতে হবে। ওদের সাফল্য দেখে আমাদের সমর্থকদের মনের অবস্থা বুঝতে পারছি। তাঁদের কথা ভেবে আমাদেরও সফল হতে হবে।’ কেরলের বিরুদ্ধে আইএসএলে প্রথম সাক্ষাতে হারলেও, ঘরের মাঠে জয় নিয়ে মাঠ ছেড়েছিল অস্কার ব্রিগেড। সুপার কাপে সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য তাদের।
মরশুমের শুরু থেকেই রক্ষণের সমস্যায় ভুগছে ইস্ট বেঙ্গল। পাশাপাশি দিয়ামানতাকোসদের সুযোগ নষ্টের বহরও ভাবাচ্ছে স্প্যানিশ কোচকে। তাই সুপার কাপই লাল-হলুদ ফরোয়ার্ডদের কাছে অ্যাসিড টেস্ট। অস্কার অবশ্য বারবার কথা বলে ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা চালাচ্ছেন। রবিবারের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স পূর্ণশক্তির দল নিয়েই ভুবনেশ্বরে পৌঁছেছে। দলে রয়েছে ছয় বিদেশি। নতুন কোচ ডেভিড কাতালা যথেষ্ট সতর্ক। আইএসএলে ভালো ফল না করলেও ইস্ট বেঙ্গলকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন তিনি। 
এদিকে, সুপার কাপ নিয়ে ফেডারেশনের উদাসীনতা অব্যাহত। তাদের বিরুদ্ধে তোপ দেগে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে চার্চিল ব্রাদার্স। তা সত্ত্বেও  কর্তাদের টনক নড়েনি। দেশের সেরা নক-আউট টুর্নামেন্টের বেশ কয়েকটি ম্যাচ টিভিতে সম্প্রচারিত হবে না। কোয়ার্টার-ফাইনাল থেকে ম্যাচ অবশ্য দেখতে পাবেন অনুরাগীরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ