Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

সেমি-ফাইনালে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ নর্থ ইস্ট, আনোয়ারহীন রক্ষণই চিন্তা হাবাসের

ডুরান্ড কাপ জিতে মরশুম শুরু করেছে ইস্ট বেঙ্গল। আইএসএল শুরুর আগে এবার হাবাস ব্রিগেডের সামনে শিল্ড জয়ের সুযোগ

সেমি-ফাইনালে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ নর্থ ইস্ট, আনোয়ারহীন রক্ষণই চিন্তা হাবাসের
  • ৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডুরান্ড কাপ জিতে মরশুম শুরু করেছে ইস্ট বেঙ্গল। আইএসএল শুরুর আগে এবার হাবাস ব্রিগেডের সামনে শিল্ড জয়ের সুযোগ। সোমবার আইএফএ শিল্ডের সেমি-ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামছে লাল-হলুদ দল। জিতলেই ফাইনালে আবার কলকাতা ডার্বি। পাঞ্জাবকে বশ মানিয়ে রবিবারই  খেতাবি লড়াইয়ের টিকিট অর্জন করেছে মোহন বাগান। সপ্তাহের প্রথম দিন নর্থ ইস্টকে টেক্কা দিতে মরিয়া রশিদরাও। তবে রক্ষণ নিয়ে চিন্তায় লাল-হলুদের স্প্যানিশ কোচ। বিশেষ করে আনোয়ার আলির অনুপস্থিতি ভোগাতে পারে দলকে। জাতীয় দলের হয়ে ফিফা ফ্রেন্ডলি খেলতে ব্যস্ত পাঞ্জাবি ডিফেন্ডার। এছাড়া এডমুন্ড, জয় গুপ্তা এবং গোলরক্ষক প্রভসুখন গিলও জাতীয় শিবিরে রয়েছেন।

Advertisement

গ্রুপের শেষ ম্যাচে পাঞ্জাবের কাছে হেরেছিল ইস্ট বেঙ্গল। সেই হতাশা ভুলে জয়ের ছন্দে ফিরতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। আগামী ১৩ অক্টোবর এসিএল-টু’তে আল শোর্তার বিরুদ্ধে নামবে ইস্ট বেঙ্গল। তার আগে দলকে সেট করাই হাবাসের চ্যালেঞ্জ। শিল্ডে সেই সুযোগ পাচ্ছেন অভিজ্ঞ কোচ। এদিন অনুশীলনেও ফুটবলারদের মধ্যে তাগিদ স্পষ্ট। বিভিন্ন কম্বিনেশন পরখ করে নিলেন কোচ। যা খবর তাতে রক্ষণের দুর্বলতা মেটাতে আক্রমণে ধার বাড়াচ্ছেন হাবাস। কথায় আছে না, ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স।’ সূত্রের খবর, হাবাসকে স্বস্তি দিচ্ছেন একে লোবা। প্র্যাকটিস সেশনে বেশ ছটফটে আইভরি কোস্টের এই বিদেশি। পোল্যান্ডের লুকাসও তৈরি। তবে দ্রুত গোল না এলে চাপ বাড়বে লাল-হলুদের উপর। পক্ষান্তরে, চলতি শিল্ডে মোহন বাগানকে রুখে দিয়েছিল নর্থ ইস্ট। সেই ছন্দ ধরে রেখে লাল-হলুদ ব্রিগেডকেও মাত দিতে চান কোচ পেড্রো বেনালি। নর্থ ইস্টের প্রধান অস্ত্র অবশ্যই আলেদাইন আজারি। তাঁকে রোখাই বড়ো চ্যালেঞ্জ লাল-হলুদ রক্ষণের। তবে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে জিতিন এমএস অনিশ্চিত। সব মিলিয়ে কিশোরভারতীতে সেয়ানে-সেয়ানে টক্করের অপেক্ষায় অনুরাগীরা।
 কিশোর ভারতীতে ম্যাচ শুরু বিকাল ৫টায়। সম্প্রচার ফ্যান কোড অ্যাপে।

Advertisement
সম্পর্কিত সংবাদ