Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

গত মরশুমের ঘরোয়া লিগ খেতাব জিতল ইস্ট বেঙ্গল, কোর্টের রায়ের পর ঘোষণা আইএফএ’র

২০২৪-২৫ মরশুমে ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। রানার্স ডায়মন্ডহারবার এফসি। শনিবার দুপুরে তা সরকারিভাবে ঘোষণা করে দিল আইএফএ।

গত মরশুমের ঘরোয়া লিগ খেতাব জিতল ইস্ট বেঙ্গল, কোর্টের রায়ের পর ঘোষণা আইএফএ’র
  • ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৪-২৫ মরশুমে ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। রানার্স ডায়মন্ডহারবার এফসি। শনিবার দুপুরে তা সরকারিভাবে ঘোষণা করে দিল আইএফএ। এই নিয়ে ৪০ বার কলকাতা লিগের শিরোপা জিতল লাল-হলুদ ব্রিগেড।  চলতি মরশুমেও লিগ জেতার সুবর্ণ সুযোগ রয়েছে বিনো জর্জের দলের সামনে। আগামী সোমবার ঘরের মাঠে সায়ন, জেসিনদের প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস। ড্র করলেই খেতাব হাতের মুঠোয়। তবে টিম ম্যানেজমেন্ট তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া। শীর্ষকর্তা দেবব্রত সরকারের মন্তব্য, ‘গতবারই এই খেতাব পেলে আরও ভালো হতো। যাই হোক, চলতি মরশুমে ঘরের মাঠে লিগ জেতানোর আব্দার রইল কোচ, ফুটবলারদের কাছে।’ উল্লেখ্য, গতবারের লিগে অপরাজিত ছিল ইস্ট বেঙ্গল। কিন্তু লিগ নিয়ে অনিয়মের অভিযোগে আদালতে মামলা করে ডায়মন্ডহারবার এফসি। কোর্টের রায়ে চ্যাম্পিয়ন ঘোষণার উপর নিষেধাজ্ঞা জারি হয়। কিন্তু শুক্রবার সেই অর্ডার খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট। কালবিলম্ব না করে চব্বিশ ঘণ্টার মধ্যেই লিগ কমিটির বৈঠক ডাকে বঙ্গ ফুটবল সংস্থা। আইএফএ সচিব অনির্বাণ দত্তের মন্তব্য, ‘মহামান্য আদালতের নির্দেশে চ্যাম্পিয়নশিপ ঘোষণায় আর কোনও বাধা নেই। লিগ কমিটির বৈঠকে সর্বসম্মতভাবে  ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হল।’

Advertisement

স্কটিশ লিগে ৫৫ বারের চ্যাম্পিয়ন সেলটিক ও রেঞ্জার্স। পাশাপাশি উরুগুয়ে লিগে আতলেতিকো পেনারলের লিগ জয়ের সংখ্যা ৫২। তারপরেই রয়েছে ইস্ট বেঙ্গল। ২০১০-১৭ টানা আটবার লিগ জেতার রেকর্ডও তাদের পকেটে। এদিকে, আসন্ন আইএফএ শিল্ড ও সুপার কাপের কথা মাথায় রেখে অনুশীলন শুরু করে দিল ইস্ট বেঙ্গল সিনিয়র দল। বিকেলে রাজারহাটের সেন্টার অব এক্সেলেন্সে গা ঘামান রশিদ, শৌভিকরা। ছুটি কাটিয়ে এদিন সকালেই শহরে এসেছেন ব্রাজিলিয়ান মিগুয়েল ও ডিফেন্ডার মার্তণ্ড রায়না। অনুশীলনে নামেননি এই দুই ফুটবলার। এদিকে, ফরাসি ফুটবলার মাধি তালালকে ছেঁটে ফেলল ইস্ট বেঙ্গল। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে তিনি। তালালের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সেরে ফেলা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ