নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন বছরের শুরুতেই কঠিন চ্যালেঞ্জের সামনে ইস্ট বেঙ্গল। ইন্ডিয়ান উওমেন্স লিগে শুক্রবার ফাজিলাদের প্রতিপক্ষ নীতা এফসি। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগের শীর্ষে রয়েছে ওড়িশার দলটি। এক ম্যাচ কম খেলে ইস্ট বেঙ্গলের পয়েন্ট ৯। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ফুটবল মহল। উল্লেখ্য, গত ম্যাচে সেসা গোয়াকে ৯-০ ব্যবধানে চূর্ণ করেছিল ইস্ট বেঙ্গল প্রমীলা ব্রিগেড। জয়ের ধারাবাহিকতা বজায় রেখে লিগ শীর্ষে পৌঁছাতে মরিয়া কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজ।
ইস্ট বেঙ্গলের মহিলা ব্রিগেডের অন্যতম ভরসা স্ট্রাইকার ফাজিলা। উগান্ডার স্ট্রাইকার ইতিমধ্যেই ৫টি গোল করেছেন। অন্যদিকে নীতা এফসি’র ফরোয়ার্ড পিয়ারির লক্ষ্যভেদের সংখ্যা ৯। ওড়িশার এই ফুটবলার আপাতত উওমেন্স লিগের সর্বাধিক স্কোরার। অনেকেরই ধারণা, পিয়ারি বনাম ফাজিলা দ্বৈরথের উপর ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভর করবে। পাশাপাশি নীতা’র লেফট উইং হাফ নেহার দিকেও নজর থাকবে। চলতি টুর্নামেন্টে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। প্রতিপক্ষের আপফ্রন্ট খুবই শক্তিশালী। সেক্ষেত্রে রক্ষণে অভিজ্ঞ আশালতা দেবীকে ব্যবহার করতে চায় ইস্ট বেঙ্গল-ম্যানেজমেন্ট। ঘানার ডিফেন্ডার ওপোকুও ভরসা দিচ্ছেন। এছাড়া উইং-হাফ সৌম্যা গুগুলথ ম্যাচের রং বদলাতে পারেন। সেসার বিরুদ্ধে হ্যাটট্রিক রয়েছে সৌম্যার। বঙ্গকন্যা সুলঞ্জনা রাউলও তৈরি। আপফ্রন্টে রেস্টি, ফাজিলা ও সুলঞ্জনার কম্বিনেশন যে কোনও ক্ষেণে ফাটল ধরাতে সক্ষম।
কল্যাণীতে ম্যাচ শুরু দুপুর ২-৩০ মিনিটে। সম্প্রচার ইউটিউবে।