নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুবভারতী ছেড়ে এবার কিশোর ভারতীর পথে ইস্ট বেঙ্গল। ভেন্যু এখনও চূড়ান্ত নয়। তবে সূত্রের খবর,আইএসএলের বেশিরভাগ হোম ম্যাচ কিশোর ভারতী স্টেডিয়ামে খেলতে পারে অস্কার ব্রিগেড। মূলত ম্যাচ আয়োজনের খরচ বাঁচাতেই এই সিদ্ধান্ত। যুবভারতীতে প্রতিটি ম্যাচ আয়োজনের খরচ প্রায় ৩৫-৩৮ লক্ষ টাকা। বড় ম্যাচের ক্ষেত্রে অংকটা আরও অনেক বেশি। তুলনায় কিশোর ভারতীর ভাড়া অর্ধেক। কিন্তু সমস্যাও অনেক। শহরের দক্ষিণ প্রান্তে কিশোর ভারতী। সেক্ষেত্রে রাতে ম্যাচ শেষ হওয়ার পর বাড়ি ফিরতে অসুবিধায় পড়তে পারেন বিভিন্ন জেলার সমর্থকরা। এই বিষয়ে দ্রুত কোচের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাতে চলেছে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে মোহন বাগান যুবভারতীতে খেললেও কিশোর ভারতী নিয়েই সন্তুষ্ট থাকতে হবে সমর্থকদের।
এদিকে, ওড়িশা এফসি’তে খেলা জেরি মাওউইয়াকে সই করাল লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। ওড়িশার হয়ে আইএসএলে ১১২টি ম্যাচ খেলেছেন তিনি। গোল রয়েছে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধেও। সূত্রের খবর, শুক্রবার অস্কার ব্রিগেডের অনুশীলনে যোগ দিতে পারেন তিনি। বিদেশি স্ট্রাইকার ইউসুফের সঙ্গেও চার মাসের চুক্তি করেছে ইস্ট বেঙ্গল। ইতিমধ্যেই ভিসার আবেদন করেছেন এই স্ট্রাইকার। আইএসএলে ১৬ জানুয়ারি অভিযান শুরু করছেন মিগুয়েলরা। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। সেক্ষেত্রে হাতে সময় কম। ইউসেফ ভিসা সমস্যায় পড়লে সেক্ষেত্রে চাপে পড়বেন অস্কার।
এদিন বারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে ইস্ট বেঙ্গল ৩-০ গোলে বশ মানায় বিধাননগর অ্যাকাডেমিকে। গোলদাতা যথাক্রমে দেবজিৎ, লালনুটুলুঙ্গা ও শিলাজিৎ। ডিফেন্ডার প্রজ্জ্বল লাল কার্ড দেখায় দীর্ঘসময় ১০ জনে খেলতে হয় ইস্ট বেঙ্গলকে।