নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২৩ জুলাই সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে ডুরান্ড কাপ অভিযান শুরু করবে ইস্ট বেঙ্গল। সেই লক্ষ্যে চলতি সপ্তাহেই দল নিয়ে প্রস্তুতিতে নেমে পড়তে পারেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোঁ। ইতিমধ্যেই সেনাবাহিনীর সঙ্গে মাঠ নিয়ে বৈঠকে বসেছিলেন লাল-হলুদ কর্তারা। সেখানে ১০ জুলাই থেকে অনুশীলনের জন্য মাঠ চেয়েছেন তারা। উল্লেখ্য, ডুরান্ড কাপের জন্য বর্তমানে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ড সেনাবাহিনীর অধীনে। তাই ঘরোয়া লিগের জন্য রাজারহাটের সেন্টার অব এক্সেলেন্সের অ্যাস্ট্রোটার্ফে প্রস্তুতি সারছে দুই প্রধান। তবে ডুরান্ড কাপের জন্য ঘাসের মাঠেই দল নিয়ে অনুশীলন সারতে চান লাল-হলুদ কোচ। তাই মাঠ সমস্যা মিটলে ১২ জুলাই দল নিয়ে প্রস্তুতিতে নেমে পড়বেন তিনি। ইতিমধ্যেই প্রাথমিকভাবে স্বদেশি ফুটবলারদের ১১ জুলাইয়ের মধ্যে শহরে আসার নির্দেশ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এছাড়া ফেডারেশনের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র মিললে বিদেশিদের ভিসার জন্য আবেদন করবে ক্লাব। সেক্ষেত্রে প্রথম ম্যাচের আগেই শহরে চলে আসবেন দিয়ামানতাকোসরা। ফলে সিনিয়র দলের অধিকাংশ ফুটবলারদের নিয়েই ডুরান্ড অভিযান শুরু করবে লাল-হলুদ ব্রিগেড।



