Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ওড়িশা এফসি ও মুম্বইয়ের বিরুদ্ধে মিগুয়েলকে পাচ্ছে না ইস্ট বেঙ্গল, ২ ম্যাচ নির্বাসিত ব্রাজিলিয়ান ফুটবলার

মিগুয়েলকে নিয়ে ইস্ট বেঙ্গলের আশঙ্কাই সত্যি হল। লাল-হলুদের ব্রাজিলিয়ান মিডিওকে ২ ম্যাচ নির্বাসিত করল সর্বভারতীয় ফুটবল সংস্থা।

ওড়িশা এফসি ও মুম্বইয়ের বিরুদ্ধে মিগুয়েলকে পাচ্ছে না ইস্ট বেঙ্গল, ২ ম্যাচ নির্বাসিত ব্রাজিলিয়ান ফুটবলার
  • ২৬ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিগুয়েলকে নিয়ে ইস্ট বেঙ্গলের আশঙ্কাই সত্যি হল। লাল-হলুদের ব্রাজিলিয়ান মিডিওকে ২ ম্যাচ নির্বাসিত করল সর্বভারতীয় ফুটবল সংস্থা। একইসঙ্গে ৪০ হাজার টাকা আর্থিক জরিমানাও করা হয়েছে। অর্থাৎ, ওড়িশা এফসি ও মুম্বই সিটির বিরুদ্ধে মিগুয়েলকে পাবে না ইস্ট বেঙ্গল। ফেডারেশনের ভূমিকায় লাল-হলুদ কর্তারা প্রচণ্ড ক্ষুব্ধ। শীর্ষকর্তা দেবব্রত সরকারের বিস্ফোরণ, ‘দল চ্যাম্পিয়নশিপের দৌড়ে রয়েছে। অথচ ভালো খেললেই বারবার রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হচ্ছে ইস্ট বেঙ্গল। ফেডারেশন একেবারেই অপদার্থ। বর্তমান কমিটির না থাকাই বাঞ্ছনীয়।’ শোনা যাচ্ছে, ফেডারেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল  কমিটিতে আবেদন করবে না লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। উল্লেখ্য, বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে লাল কার্ড দেখানো হয় মিগুয়েলকে। মেজাজ হারিয়ে বিপক্ষ ডাগ-আউটের দিকে শটও মেরেছিলেন তিনি। তবে ইস্ট বেঙ্গলের অভিযোগ, মার্চিং অর্ডারের সিদ্ধান্ত আসলে লঘু পাপে গুরুদণ্ড।

Advertisement

আইএসএলে ৮ ম্যাচে ১৫ পয়েন্ট ইস্ট বেঙ্গলের। আগামী মঙ্গলবার সাউলদের প্রতিপক্ষ ওড়িশা এফসি। পরদিন বাংলায় দ্বিতীয় দফার নির্বাচন। স্বভাবতই নিরাপত্তার প্রশ্নে কলকাতায় ম্যাচ আয়োজন সম্ভব নয়। তাই যুবভারতীর বদলে গোয়ায় খেলবে অস্কার ব্রিগেড। রবিবার সকালের ফ্লাইটে গোয়া উড়ে যাচ্ছে মশালবাহিনী। মিগুয়েল না থাকায় বেশ চাপে কোচ অস্কার ব্রুজোঁ। বাকি ৫টি ম্যাচ তার কাছে কার্যত ফাইনাল। প্রতিপক্ষ ওড়িশা তেমন ওজনদার নয়। ৮ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট রহিম আলি, অমরিন্দারদের। গত ম্যাচে কেরল ব্লাস্টার্সের কাছেও বশ মেনেছে তারা। তবে লাল-হলুদের স্প্যানিশ কোচ বেশ সতর্ক। সাংবাদিক সম্মেলনে তাঁর মন্তব্য, ‘ওড়িশা রক্ষণ জমাট রেখে খেলার চেষ্টা করে। প্রচুর দৌড়ায়। তবে আমাদের জেতা ছাড়া উপায় নেই।’ পাশাপাশি আনোয়ার ও রশিদও পুরো সুস্থ নন। জাতীয় দলের হয়ে খেলার সময় পেশিতে চোট পান আনোয়ার। সেই চোট মাথাচাড়া দিচ্ছে মাঝেমধ্যেই। গোয়ায় অনুশীলনের পর প্রথম একাদশ নিয়ে চূড়ান্ত নেবেন ব্রুজোঁ। বেঙ্গালুরুর বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল করে হার বাঁচিয়েছিলেন এই সোয়বার্গ। মঙ্গলবার মিগুয়েলের অনুপস্থিতিতে ওড়িশা এফসির  বিরুদ্ধে প্রথম একাদশে দেখা যেতে পারে তাকে। এদিন কোচের পাশে বসে ড্যানিশ ফুটবলারের মন্তব্য, ‘কোচের আস্থার মর্যাদা দেওয়ার চেষ্টা করব।’ অনুশীলনে ইঙ্গিত মিলল ৩ ডিফেন্ডারের ফর্মেশনেই দলকে খেলাতে চাইছেন স্প্যানিশ কোচ। দুই উইং ব্যাকে বিষ্ণু ও বিপিন সিংকে দেখার সম্ভাবনাই প্রবল। পাশাপাশি ছটফটে এডমুন্ডকে দিয়েও বিপক্ষের দুর্গ ভাঙতে চান অস্কার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ