নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেভিন সিবলের পরিবর্ত কে? তা নিয়ে প্রবল কৌতূহল ছিল ইস্ট বেঙ্গল সমর্থকদের। স্প্যানিশ ডিফেন্ডার নাচো মনসালভেকে মঙ্গলবার এক বছরের চুক্তিতে সই করিয়ে নিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। সরকারিভাবে ক্লাবের সোশ্যাল সাইটে তাঁর নাম ঘোষণাও করা হয়। কোচ আন্তোনিও লোপেজ হাবাসের পরামর্শ মেনেই নাচোকে রিক্রুট করা হয়েছে। ৩২ বছরের নাচো আতলেটিতো মাদ্রিদ ইয়ুথ সিস্টেমের ফসল। ২০১৪ সালে আতলেতিকোর রিজার্ভ দলে সুযোগ পান তিনি। এর দু’বছরের মধ্যেই সিনিয়রে খেলার স্বপ্নপূরণ। রিয়াল বেতিসের বিরুদ্ধে তাঁকে প্রথম একাদশে সুযোগ দেন আতলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে। স্পেনের পাশাপাশি পোল্যান্ডের শীর্ষ লিগেও খেলেছেন নাচো। ভিসা পেলেই কলকাতায় আসবেন তিনি। উল্লেখ্য, ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই ডার্বি। তার আগে নাচোর অপেক্ষায় লাল-হলুদ শিবির।



