Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

টুর্নামেন্টের মধ্যে লম্বা বিরতিতে খুশি নন মিগুয়েল, অস্কারকে ছাড়াই অনুশীলনে ইস্ট বেঙ্গল

গত ৩১ অক্টোবর সুপার কাপের গ্রুপ পর্ব শেষ করেছে ইস্ট বেঙ্গল। আর সেমি-ফাইনাল খেলতে নামবে ৪ ডিসেম্বর।

টুর্নামেন্টের মধ্যে লম্বা বিরতিতে খুশি নন মিগুয়েল, অস্কারকে ছাড়াই অনুশীলনে ইস্ট বেঙ্গল
  • ১১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত ৩১ অক্টোবর সুপার কাপের গ্রুপ পর্ব শেষ করেছে ইস্ট বেঙ্গল। আর সেমি-ফাইনাল খেলতে নামবে ৪ ডিসেম্বর। অর্থাৎ টুর্নামেন্টের মধ্যে প্রায় পাঁচ সপ্তাহের বিরতি। এটা হয়তো ভারতীয় ফুটবলেই সম্ভব। গোটা বিষয়টা নিয়ে অখুশি লাল-হলুদ ব্রাজিলিয়ান মিডিও মিগুয়েলের গলাতেও। সোমবার অনুশীলন শেষে মাঠ ছাড়ার মুহূর্তে তিনি বলেন, ‘লম্বা বিরতি অনেক সময় ছন্দ নষ্ট করে দেয়। তাই আগামী কয়েকদিন অনুশীলনে ফের নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করব।’

Advertisement

আট দিনের ছুটি কাটিয়ে সোমবার সুপার কাপ সেমি-ফাইনালের প্রস্তুতিতে নেমে পড়ল ইস্ট বেঙ্গল। তবে প্রথমদিন অনুশীলনে হাজির ছিলেন মাত্র ১৬ জন ফুটবলার। এমনকী, কোচ অস্কার ব্রুজোঁও যোগ দেননি। বুধবার তিনি শহরে ফিরবেন। এছাড়া বিদেশিদের মধ্যে অনুপস্থিত সাউল ক্রেসপো। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচের জন্য ভারতীয় দলে ডাক পেয়েছেন ইস্ট বেঙ্গলের চার ফুটবলার। আনোয়ার, মহেশ এবং জয় গুপ্তা আগেই জাতীয় শিবিরে যোগ দিয়েছিলেন। রবিবার ভারতীয় ক্যাম্পে ডাক পান এডমুন্ড। এছাড়া গোলরক্ষক প্রভসুখন গিলের জ্বর হয়েছে। সুস্থ হয়ে দ্রুত তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।
অস্কারের অনুপস্থিতিতে এদিন দলকে অনুশীলন করান তাঁর দুই সহকারী। পুরো সময়টাই ফিজিক্যাল ট্রেনিংয়ের উপর জোর দেওয়া হয়। আসলে বর্তমান দলে এখনও বেশ কয়েকজন ফুটবলার পুরো ম্যাচ ফিট নন। তাই সেমি-ফাইনালের আগে এই বিষয়ে জোর দিতে চাইছে লাল-হলুদ থিঙ্ক ট্যাঙ্ক। সুপার কাপের শেষ চারের লড়াইয়ে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। কার্ড সমস্যায় সেমি-ফাইনালের মহম্মদ উভেইস ও খাইমিনথাং লুঙ্গডিমকে পাবে না তারা। তাই প্রতিপক্ষের উইং-ব্যাকের দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের অনুপস্থিতি কাজে লাগাতে চাইবেন মিগুয়েলরা। ব্রাজিলিয়ান মিডিও অবশ্য পাঞ্জাবকে বেশ গুরুত্ব দিচ্ছেন। তবে একইসঙ্গে ফাইনালের ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ