Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অস্কারের দিশাহীন স্ট্র্যাটেজিতে ডুবছে ইস্ট বেঙ্গল

ইস্ট বেঙ্গল আছে ইস্ট বেঙ্গলেই। ঋতু বদলায়। কিন্তু লাল-হলুদের পারফরম্যান্স গ্রাফে কোনও পরিবর্তন নেই। চলতি আইএসএলে প্রথম দু’টি ম্যাচে ৬ পয়েন্ট।

অস্কারের দিশাহীন স্ট্র্যাটেজিতে ডুবছে ইস্ট বেঙ্গল
  • ৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইস্ট বেঙ্গল আছে ইস্ট বেঙ্গলেই। ঋতু বদলায়। কিন্তু লাল-হলুদের পারফরম্যান্স গ্রাফে কোনও পরিবর্তন নেই। চলতি আইএসএলে প্রথম দু’টি ম্যাচে ৬ পয়েন্ট। মিগুয়েলদের নিয়ে উচ্ছ্বসিত সমর্থকরা। ঠিক তখনই তাল কাটল। পরের দুই ম্যাচে জয়হীন অস্কার ব্রিগেড। জামশেদপুরের কাছে হার। এরপর গোয়ার বিরুদ্ধে কেঁদে-ককিয়ে ড্রয়ের পর সমালোচনায় বিদ্ধ অস্কার ব্রুজোঁ। একবগ্গা স্ট্র্যাটেজিতে ব্রুজোঁ নিজেও ডুবছেন, দলকেও ডোবাচ্ছেন। তাঁর মনে রাখা উচিত সাফল্যই শেষ কথা। 

Advertisement

১৩ ম্যাচের লিগ। পয়েন্ট খোয়ালে কামব্যাক অসম্ভব না হলেও কঠিন তো বটেই। আর ঘরের মাঠে ড্র তো হারের শামিল। লিগের শুরুতেই ৫ পয়েন্ট নষ্ট করে চ্যাম্পিয়নশিপ থেকে দূরে সরছে লাল-হলুদ টাইটানিক। ছিদ্র দিয়ে জল ঢুকছে হু-হু করে। জাহাজের বিপদে দিশা দেখাতে হয় ক্যাপ্টেনকে। অথচ অস্কার নিজেই পথহারা এক পথিক। গোটা আইএসএল জানে, তাঁর দলে মিগুয়েলই ইঞ্জিন। ব্রাজিলিয়ান ফুটবলার নির্ভেজাল প্লে-মেকার। ফ্রি স্পেস পেলে বিপক্ষকে ধ্বংস করতে পারেন। কিন্তু তাঁর জন্য বিপক্ষ রসগোল্লা সাজিয়ে বসে নেই। কড়া ট্যাকল ধেয়ে আসতেই মিগুয়েল খেই হারাচ্ছেন। বল পজেশনের দফারফা। গোয়ার বিরুদ্ধে অহেতুক বল হোল্ড করে সমস্যা বাড়িয়েছেন। মিগুয়েলের কি ফোকাস নড়ে যাচ্ছে? তাই যদি হয় দায় অবশ্যই অস্কারের। পরিকল্পনা ব্যর্থ হতে দেখেও ঝুলি থেকে প্ল্যান ‘বি’ বের করতে ব্যর্থ তিনি। মাঝমাঠে ব্লকার নেই। সাউল ক্রেসপো রহস্যে মোড়া। গোয়ার বিরুদ্ধে তাঁকে রিজার্ভে রাখা হল। কিন্তু মাঠে না নামানোর কারণ কী? নাওরেম মহেশ সফট ফুটবলার। সদ্য চোট সারিয়ে উঠেছেন। ইঞ্জিন গরম হতে সময় দিতে হবে। গোয়ার বিরুদ্ধে বক্স টু বক্স মিডিওর ভূমিকায় একেবারেই ফ্যাকাসে। মাঝমাঠ ব্যর্থ বুঝেও পরিকল্পনা বদলের চেষ্টাই করেননি স্প্যানিশ কোচ। বরং বিপক্ষের পাসিং ফুটবলের ঝলকে হারিয়ে গেল ইস্ট বেঙ্গল। ওড়িশা এফসি’র জেরিকে সই করিয়েছিল মশাল বাহিনী। তিনিই বা কোথায়? তাঁকে লুকিয়ে রাখার কারণ টিম ম্যানেজমেন্টই বলতে পারবে। নির্বিষ আপফ্রন্ট বিপক্ষ রক্ষণে আঁচড় কাটতেও ব্যর্থ। ভাগ্যিস বোরহা, ইকেরদের ছেড়ে দিয়েছে গোয়া। অন্যথায় ভরাডুবি নিশ্চিত ছিল। রক্ষণে আনোয়ার লড়ছেন। বাকিরা? কেভিন সিবলে ফিটনেসের ধারেকাছে নেই। ব্রাইসনের আউটসাইড ডজ থেকে লুকিয়ে রাখতে জয় গুপ্তাকে নামানো হল দেরিতে। ক্লাব কর্তারা চেয়েছিলেন, রাহুল ভেকেকে নিতে। কিন্তু গোঁ করে লগ্নিকারী সংস্থা নেয়নি। মধ্যমেধার রশিদ, ইউসেফ, সোয়বার্গরা এখনও সেরাটা মেলে ধরতে পারেননি। কে জেতাবেন ইস্ট বেঙ্গলকে? উত্তর জানা নেই কোচ অস্কারের।

সম্পর্কিত সংবাদ