নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর্কাদাগ নাকি স্মার্ট সিটি! তুর্কমেনিস্তানের রাজধানী আসগাবাত থেকে ৩০ কিলোমিটার দূরে এই শহর। সন্ধ্যার পর শুনশান রাস্তা। পর্যটকের প্রবেশ নিষিদ্ধ। এমন নিঝুম পুরীতেই বুধবার অস্কার ব্রুজোঁর অ্যাসিড টেস্ট। এএফসি চ্যালেঞ্জ লিগে কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় পর্বে আর্কাদাগের বিরুদ্ধে নামছে ইস্ট বেঙ্গল। প্রথম পর্বে যুবভারতীতে মহামূল্যবান ৩ পয়েন্ট তুলে নিয়েছে তুর্কমেনিস্তানের চ্যাম্পিয়নরা। ইস্ট বেঙ্গল না জিতলেই বিদায় নিশ্চিত। এমনকী অ্যাওয়ে ম্যাচে ড্র’ও হারের শামিল। দু’দলের গোলপার্থক্য সমান হলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও ফয়সালা না হলে টাই-ব্রেকারে চূড়ান্ত নিষ্পত্তি। কঠিন পরিস্থিতিতেও লাল-হলুদের স্প্যানিশ কোচ আত্মবিশ্বাসী। ব্রুজোঁর মন্তব্য, ‘ইস্ট বেঙ্গলের সঙ্গে দেশের সম্মান জড়িয়ে। সেরাটা মেলে ধরতে ফুটবলাররা মুখিয়ে রয়েছে।’ কোচের সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন জিকসন সিং। স্টপারে আনোয়ারের চোট থাকায় অনভ্যস্ত পজিশনে তাঁকেই খেলানো হবে। জিকসন বলছেন, ‘চ্যালেঞ্জ নিতে আমরা তৈরি।’
কেমন দল আর্কাদাগ? অতীতে এএফসি কাপে আল কুয়েত, চোনবুরি, শেমেন পাডাংয়ের মতো দলের মুখোমুখি হয়েছে ইস্ট বেঙ্গল। তুর্কমেনিস্তানের দলকে সেই তুলনায় আহামরি মনে হয়নি প্রাক্তনদের। মেহতাব হোসেনের পরামর্শ, ‘হারানোর কিছু নেই। হোম ম্যাচে প্রতিপক্ষকে নিশ্চয়ই মেপে নিয়েছেন অস্কার। এবার ভয়ডরহীন ফুটবল খেলুক গোটা দল।’ সূত্রের খবর, গুটিয়ে না থেকে গোলাগুলি ছুড়তে তৈরি ইস্ট বেঙ্গল। ক্লেটন সিলভেকে বাইরে রেখে পাঁচ বিদেশিতেই দল সাজানোর প্রবল সম্ভাবনা। প্রথম লেগে একগাদা কর্নার ও ফ্রি-কিক পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ ইস্ট বেঙ্গল। অথচ আধুনিক ফুটবলে ডেডবল মুভের গুরুত্ব অপরিসীম। এই প্রসঙ্গে অস্কারের মন্তব্য, ‘ডেডবল কাজে লাগাতেই হবে। আরও ধারালো হওয়া প্রয়োজন।’ এক্ষেত্রে মেসি বৌলি ও দিয়ামানতাকোসকে বাড়তি দায়িত্ব নিতে হবে।
এদিকে, ইস্ট বেঙ্গল বনাম আর্কাদাগ ম্যাচ দিয়েই বুধবার নতুন স্টেডিয়ামের উদ্বোধন। মাঠ নিয়ে মোটেও খুশি নয় ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট। যুদ্ধংদেহী ব্রুজোঁর সাফ মন্তব্য, ‘আইএসএলে এমন মাঠে খেলতে আমরা অভ্যস্ত নই। পাসিং ফুটবল খেলা সমস্যার।’ অনুমান করাই যায়, প্রয়োজনে লং বলের স্ট্র্যাটেজি নিতে পারেন অস্কার। পাশাপাশি উইং -হাফদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। প্রথম লেগে রিচার্ড সেলিস ও নাওরেম মহেশকে উইংয়ে খেলানো হয়। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন বিষ্ণু আর নিশু কুমার। তবে বিন্দুমাত্র জায়গা দেয়নি আর্কাদাগ রক্ষণ। বিপজ্জনক সেন্টার করতেও ব্যর্থ সেলিসরা। ভেনেজুয়েলার ফুটবলারের গ্রাফ ক্রমশই নিম্নমুখী। আর কবে নিজেকে প্রমাণ করবেন তিনি? লক্ষ্যভেদের সমস্যাও রয়েছে। ক্লেটন আর সেলিস এখনও গোলের খাতা খুলতে পারেননি। হায়েস্ট পেইড দিয়ামানতাকোসের নামের পাশে আইএসএলে মাত্র ৪টি গোল। দলের সিটিও’র মতো বিদেশিদের পারফরম্যান্সও পাতে দেওয়ার মতো নয়। এই ইস্ট বেঙ্গলের জ্বলে উঠতে হলে সেলিস, দিয়ামানতাকোসদের জেগে ওঠা দরকার।
-ভারতীয় সময় ম্যাচ শুরু বিকেল চারটেয়।
-সরাসরি সম্প্রচার ফ্যান কোড অ্যাপে।